কোরবানির ঈদকে সামনে রেখে বেড়ায় কামারদের ব্যস্ততা তুঙ্গে

এস আর শাহ্ আলম, বেড়া (পাবনা)

সারাদেশ

একের পর এক হাতুড়ির আঘাতে টুংটাং শব্দ আর আগুনের শিখায় লাল হয়ে ওঠা লোহা— সব মিলিয়ে চারদিকে এক ব্যস্ত কর্মযজ্ঞ।

2026-05-10T09:53:13+00:00
2026-05-10T09:53:13+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
কোরবানির ঈদকে সামনে রেখে বেড়ায় কামারদের ব্যস্ততা তুঙ্গে
এস আর শাহ্ আলম, বেড়া (পাবনা)
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৯:৫৩ এএম 
কর্মব্যস্ত খোকন কর্মকার। ছবি : সময়ের আলো
একের পর এক হাতুড়ির আঘাতে টুংটাং শব্দ আর আগুনের শিখায় লাল হয়ে ওঠা লোহা— সব মিলিয়ে চারদিকে এক ব্যস্ত কর্মযজ্ঞ। এই ছন্দময় শব্দই জানান দিচ্ছে কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। কোরবানিকে কেন্দ্র করে পাবনার বেড়া উপজেলার কামারশালাগুলো এখন কর্মমুখর।

প্রতিবছর মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মুসলিম সম্প্রদায় গবাদিপশু কোরবানি দিয়ে থাকেন। আর এই কোরবানির মাংস প্রস্তুত করার জন্য অপরিহার্য সরঞ্জাম হলো দা, বঁটি, ছুরি ও চাপাতি। ঈদের আর মাত্র অল্প কিছুদিন বাকি থাকায় এসব সরঞ্জামের জোগান দিতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন উপজেলার আনাচে-কানাচের কামাররা। একদিকে হাপরের অগ্নিশিখা, অন্যদিকে হাতুড়ির পিটাপ্টিতে তৈরি হচ্ছে পশু জবাই ও মাংস কাটার নতুন সব ধারালো অস্ত্র।


উপজেলার বিভিন্ন হাট-বাজারে স্থায়ী কামারদের পাশাপাশি অনেক অস্থায়ী ও ভ্রাম্যমাণ কামারের দোকানও চোখে পড়ছে। নাকালিয়া বাজারের কারিগর শিপন কামার জানান, কোরবানির সরঞ্জাম তৈরির অর্ডার নেওয়া পুরোদমে শুরু হয়েছে। তবে গত বছরের তুলনায় লোহা ও কয়লার দাম বেড়ে যাওয়ায় এবার পণ্যের দাম কিছুটা বেশি। এ কারণে অনেক ক্রেতাই ক্ষোভ বা অস্বস্তি প্রকাশ করছেন।

আরেক কারিগর খোকন কর্মকার বলেন, এখন আমাদের তৈরি সরঞ্জামগুলো বিভিন্ন হার্ডওয়্যারের দোকান ও ভ্যানগাড়িতেও সহজলভ্য। তাই আগের মতো সরাসরি অর্ডার দিয়ে তৈরি করা ক্রেতার সংখ্যা কিছুটা কমেছে। বছরের ১১ মাস কাজ কম থাকলেও ঈদের এই সময়ে চাপ সামলাতে আমাদের অতিরিক্ত শ্রমিক নিতে হয়, যাদের বেতনও বেশি দিতে হয়। সব মিলিয়ে এ সময় দাম কিছুটা বেশি থাকে।

মোহনগঞ্জ এলাকা থেকে ছুরি ও চাপাতির অর্ডার দিতে আসা রমজান ও বিল্লাল জানান, গত বছর কেনা সরঞ্জামগুলো অযত্নে নষ্ট হয়ে যাওয়ায় এবার নতুন করে অর্ডার দিতে এসেছেন। তবে গতবারের তুলনায় এবার প্রতিটি সরঞ্জামের দাম বেশ চড়া মনে হচ্ছে।

সরেজমিনে বিভিন্ন কর্মকারের সাঙ্গে কথা বলে জানা গেছে বর্তমান বাজারদর বড় ছুরি, ১ হাজার থেকে ১ হাজার ৪০০ টাকা। চাপাতি ৯০০ থেকে ১ হাজার টাকা। দা, বঁটি ও ছোট ছুরি, প্রকারভেদে ৫০০ টাকা (কেজি দরে) বা তার বেশি দামে বিক্রি হচ্ছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   কোরবানির ঈদ  বেড়া উপজেলা  কামার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: