পটিয়ায় ঐতিহ্যবাহী ১১৭তম বলিখেলা অনুষ্ঠিত

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের পটিয়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল শতবর্ষের ঐতিহ্যবাহী ‘আমজু মিয়ার বলিখেলা’র ১১৭তম আসর। শনিবার (৯ মে) বিকেলে পটিয়া পৌরসভার

2026-05-10T10:55:29+00:00
2026-05-10T10:55:29+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
পটিয়ায় ঐতিহ্যবাহী ১১৭তম বলিখেলা অনুষ্ঠিত
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ১০:৫৫ এএম 
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল বলিখেলা। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের পটিয়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল শতবর্ষের ঐতিহ্যবাহী ‘আমজু মিয়ার বলিখেলা’র ১১৭তম আসর। শনিবার (৯ মে) বিকেলে পটিয়া পৌরসভার পাইকপাড়া এলাকার ঐতিহাসিক পরীর দীঘির পাড়ে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অর্ধশতাধিক বলী (কুস্তিগির) অংশ নেন।

এই আয়োজনকে কেন্দ্র করে সকাল থেকেই পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছিল। পটিয়া ছাড়াও আশপাশের বিভিন্ন উপজেলা ও দূরদূরান্ত থেকে হাজারো দর্শক পরীর দীঘির পাড়ে ভিড় জমান। বলিখেলার সমান্তরালে সেখানে বসে লোকজ মেলা, যা পুরো এলাকাকে এক বিশাল মিলনমেলায় পরিণত করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়ার সংসদ সদস্য এনামুল হক এনাম। আয়োজক কমিটির সভাপতি মো. আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন কমিটির সচিব শাহজাহান চৌধুরী।

প্রতিযোগিতার চূড়ান্ত লড়াইয়ে বোয়ালখালীর কাঞ্চন বলীকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন কক্সবাজারের মহেশখালীর মাসুম বলী। রানারআপ হন পরাজিত কাঞ্চন বলী।


স্থানীয় ঐতিহ্য অনুযায়ী, পটিয়ার বলিখেলা একসময় দক্ষিণ চট্টগ্রামের অন্যতম প্রধান বিনোদন ছিল। তুফান আলী মুন্সীর বলিখেলা, পরীর দীঘির বলিখেলা ও ভাটিখাইনের বারেক চেয়ারম্যানের বলিখেলার মতো বহু আয়োজন একসময় নিয়মিত বসত। সময়ের বিবর্তনে অনেক আসর হারিয়ে গেলেও আমজু মিয়ার বলিখেলা আজও তার স্বকীয় ঐতিহ্য ধরে রেখেছে।

স্থানীয়দের মতে, পঞ্চাশের দশকে তৎকালীন ইউপি চেয়ারম্যান আমজু মিয়া সওদাগর নিজ উদ্যোগে এই বলিখেলার প্রচলন করেন। সত্তরের দশক থেকে তার পরিবার নিয়মিত এই আয়োজন চালিয়ে আসছে। আমজু মিয়ার মৃত্যুর পর তার ছেলে আবু মুছা সওদাগর এবং বর্তমানে তার উত্তরসূরিরা এই শতবর্ষী ঐতিহ্যটি টিকিয়ে রেখেছেন।

ইতিহাস পর্যালোচনায় জানা যায়, পটিয়ার পরীর দীঘির দক্ষিণ পাড়ে প্রথম বলিখেলার সূচনা করেছিলেন প্রয়াত তোফায়েল আলী মুন্সী। পরে তার ছেলে মনির আহমেদও সেই ধারাবাহিকতা রক্ষা করেন। এক সময় বৈশাখ মাসজুড়ে পটিয়ার বিভিন্ন প্রান্তে বলিখেলার আসর বসত।

গবেষকদের মতে, পটিয়া ও সাতকানিয়ার মল্ল সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘মল্লক্রীড়া’ থেকেই বলিখেলার উৎপত্তি। ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় বাঙালি যুবকদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, সাহস সঞ্চার ও ঐক্যবদ্ধ করতে এই খেলার আয়োজন করা হতো। কালক্রমে এটি চট্টগ্রামের লোকজ সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   পটিয়ায়  ঐতিহ্যবাহী  বলিখেলা  আমজু মিয়ার বলিখেলা  কুস্তিগির 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: