দেশে আগামী স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনো ঘোষণা করেনি সরকার। তবে নির্বাচন সামনে রেখে আগাম ও গোছানো প্রস্তুতি নিয়ে মাঠে নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রথম ধাপে আজ ১০০টি উপজেলা পরিষদ ও পৌরসভার মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছে দলটি।
শনিবার (৮ মে) রাতে এনসিপি’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই বড় ঘোষণা দেন। তিনি জানান, আজ রোববার বিকালে আনুষ্ঠানিকভাবে এনসিপি সমর্থিত ১০০ উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদপ্রার্থীর নাম প্রকাশ করা হবে। এই প্রার্থী নির্বাচন ও তালিকা প্রস্তুতির পুরো প্রক্রিয়ার দায়িত্বে রয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ ইঙ্গিত দিয়েছেন, এনসিপি এককভাবে লড়াই করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। প্রার্থীদের দ্রুত মাঠে নামিয়ে দেওয়া এবং জনসম্পৃক্ততা বৃদ্ধি করাই এখন তাদের প্রধান লক্ষ্য।
রাজনৈতিক বিশ্লেষকরা জানান, সরকার স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে এখনো নীরব থাকলেও এনসিপির এই তৎপরতা বিশেষ তাৎপর্যপূর্ণ। তারা অন্য বড় দলগুলোর আগেই নিজেদের শক্ত অবস্থানের জানান দিচ্ছে। নাম ঘোষণার পর অন্তত ৫ থেকে ৭ মাস মাঠে কাজ করার সুযোগ পাবেন দলটির প্রার্থীরা, যা ভোটের লড়াইয়ে অন্যদের চেয়ে তাদের কয়েক ধাপ এগিয়ে রাখবে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে জাতীয় সংসদ নির্বাচনেও এনসিপি নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছিল। এবার স্থানীয় সরকার পর্যায়েও একই ধরনের পেশাদারিত্ব ও গতি বজায় রাখতে চায় দলটি। আজ বিকালে তালিকা প্রকাশের পর থেকেই ঘোষিত প্রার্থীরা নিজ নিজ এলাকায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তৎপরতা শুরু করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
/কহু