মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এবার পারস্য উপসাগরে কাতারের জলসীমার কাছে একটি পণ্যবাহী জাহাজ হামলার শিকার হয়েছে। ব্রিটিশ সামুদ্রিক বাণিজ্য সংস্থা (ইউকেএমটিও) জানিয়েছে, দোহার উত্তর-পূর্বাঞ্চলীয় জলসীমায় একটি বাল্ক ক্যারিয়ারকে লক্ষ্য করে অজ্ঞাত ‘প্রজেক্টাইল’ নিক্ষেপ করা হয়েছে।
ইউকেএমটিও-এর বরাতে জানা গেছে, দোহা থেকে প্রায় ২৩ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে অবস্থানকালে জাহাজটিতে আঘাত হানে ওই অজ্ঞাত বস্তু। এর পরপরই জাহাজে ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ক্রুদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এই ঘটনায় কোনো প্রাণহানি বা পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, এমন এক সময়ে এই হামলার ঘটনা ঘটল, যখন হরমুজ প্রণালী ও লোহিত সাগরসহ সংলগ্ন জলপথগুলোতে সামরিক তৎপরতা এবং ভূ-রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে রয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে নৌ-নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাজ্য ও ফ্রান্সের যুদ্ধজাহাজ মোতায়েনের খবরের মাঝেই এই হামলার ঘটনাটি আন্তর্জাতিক নৌ-বাণিজ্যে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। তবে এখনো কোনো গোষ্ঠী এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি।
/কহু