মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ঢাকা টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটি পুরোপুরি নিজেদের করে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। পেসার তাসকিন আহমেদ ও স্পিনার মেহেদী হাসান মিরাজের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১০ ওভারের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়েছে সফরকারী পাকিস্তান। লাঞ্চ বিরতি পর্যন্ত ৭১ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ২৫১ রান।
দিনের শুরুতেই ভয়ঙ্কর হয়ে ওঠা আজান আওয়াইসকে (১০৩) ফিরিয়ে প্রথম সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। অভিষেক টেস্টেই সেঞ্চুরি হাঁকানো আজানকে স্লিপে নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানান তিনি। এর কিছুক্ষণ পরই পাকিস্তান অধিনায়ক শান মাসুদকেও (৯) সাজঘরের পথ দেখান এই স্পিডস্টার। তাসকিনের করা অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে শর্ট পয়েন্টে সাদমান ইসলামের দারুণ ক্যাচে পরিণত হন মাসুদ।
তাসকিনের পর বল হাতে জাদু দেখান মেহেদী হাসান মিরাজ। ইনিংসের ৬০তম ওভারে কোনো রান করার আগেই সৌদ শাকিলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি শাকিলের। এরপর উইকেটে থিতু হয়ে বসা আবদুল্লাহ ফজলকেও (৬০) প্যাভিলিয়নে পাঠান মিরাজ। মিড অনের ওপর দিয়ে উ উড়িয়ে মারতে গিয়ে তাইজুলের হাতে ধরা পড়েন ফজল। মিরাজের এই জোড়া আঘাতে ২৩০ রানেই ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে সফরকারীরা।
সেশনের মাঝামাঝি সময়ে তাসকিনের একটি ‘নো’ বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েও বেঁচে যান সালমান আলী আগা। অন্যদিকে, মোহাম্মদ রিজওয়ানের বিরুদ্ধে ক্যাচের জোরালো আবেদন করে একটি রিভিউ নষ্ট করে বাংলাদেশ। প্রথম সেশন শেষে রিজওয়ান ৮ ও সালমান ১২ রানে অপরাজিত থেকে বিরতিতে গেছেন।
প্রথম ইনিংসে বাংলাদেশের ৪১৩ রানের জবাবে পাকিস্তান এখনো ১৬২ রানে পিছিয়ে রয়েছে। টাইগারদের লক্ষ্য বিরতির পর দ্রুত বাকি উইকেটগুলো তুলে নিয়ে বড় লিড নিশ্চিত করা।
/কহু