চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভায় কুকুর ও বিড়ালের জলাতঙ্ক প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ মে) আলমডাঙ্গা পৌরসভা চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা প্রাণীসম্পদ অধিদফতর ও আলমডাঙ্গা জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থার দুটি টিম এ টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করবেন।
আলমডাঙ্গা পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রাণিসম্পদ কর্মকর্তা এস এম মাহমুদুল হক, আলমডাঙ্গা জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থার সভাপতি সাঈদ এম হিরোন।
পৌরসভার টিকাদান সুপারভাইজার লিমন হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থার যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান, দফতর সম্পাদক আল রাব্বি, জনসংযোগ সম্পাদক মুন্না, সদস্য রাতুল, প্রাণীসম্পদ অধিদফরের সিইএ হাসানজামান, খন্দকার রবিউল হক, আল ইমরান প্রমুখ।
ডা.শারমিন আক্তার বলেন, জলাতঙ্ক একটি মারাত্মক ও প্রাণঘাতী রোগ। এ রোগ প্রতিরোধে কুকুর ও বিড়ালসহ গৃহপালিত প্রাণীদের নিয়মিত টিকা প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসচেতনতা বৃদ্ধি এবং জলাতঙ্কমুক্ত সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, ক্যাম্পেইন পৌর এলাকার বিভিন্ন স্থানের কুকুর ও বিড়ালকে বিনামূল্যে টিকা প্রদান করা হয়। পাশাপাশি পৌর এলাকায় কুকুরের কামড়ে আক্রান্ত ব্যক্তিদের বিনামূল্যে টিকা প্রদান করা হবে বলেও জানিয়েছেন।
প্রাণিসম্পদ কর্মকর্তা এস এম মাহমুদুল হক বলেন, জলাতঙ্ক একটি শতভাগ প্রাণঘাতী রোগ হলেও সচেতনতা ও সময়মতো টিকাদানের মাধ্যমে এ রোগ প্রতিরোধ সম্ভব। কুকুর ও বিড়ালকে নিয়মিত টিকা প্রদান করলে মানুষও নিরাপদ থাকবে। সরকার জলাতঙ্ক নির্মূলে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের ক্যাম্পেইন সেই কার্যক্রমকে আরও গতিশীল করবে।
সময়ের আলো/জোই