গাইবান্ধায় দুদকের 'সোর্স' পরিচয় দিয়ে সরকারি অফিসে ঘুষ আদায়ের চেষ্টাকালে জাফরুল্লাহ নামের এক প্রতারককে হাতেনাতে আটক করা হয়েছে।
রোববার (১০ মে) সকালে জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁ গ্রামের বাসিন্দা।
জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার খন্দকার মাহাতাব আলী জানান, সকালে জাফরুল্লাহ অফিসে এসে অডিটর কৌশিককে খোঁজেন এবং অফিস সহায়কের কাছ থেকে কৌশলে তার মোবাইল নম্বর সংগ্রহ করেন। এরপর নিজেকে দুদকের 'সোর্স' পরিচয় দিয়ে কৌশিককে অফিসের বাইরে ডেকে নিয়ে যান।
বাইরে নিয়ে গিয়ে তিনি কৌশিককে একটি মোবাইল ফোনে কথা বলতে দেন। ওই ফোনের অপর প্রান্ত থেকে একজন ব্যক্তি নিজেকে দুদক কর্মকর্তা দাবি করে, কৌশিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে বলে জানান এবং বিষয়টি মিটিয়ে নিতে জাফরুল্লাহর সঙ্গে আলোচনার পরামর্শ দেন।
বিষয়টি সন্দেহজনক মনে হলে কৌশিক তাকে অফিসে ফিরিয়ে এনে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় জাফরুল্লাহ নিজের পরিচয় সম্পর্কে পরস্পরবিরোধী তথ্য দিতে থাকেন। ভোটার পরিচয়পত্র যাচাই করে তার স্থায়ী ঠিকানা নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক, পুলিশ ও দুদককে বিষয়টি অবহিত করা হয়। কিছুক্ষণের মধ্যেই সংশ্লিষ্টরা ঘটনাস্থলে পৌঁছে জাফরুল্লাহকে আটক করেন।
দুদকের সমন্বিত জেলা কার্যালয় রংপুরের সহকারী পরিচালক এ কে এম নুর আলম সিদ্দিক জানান, আগামীকাল সোমবার গাইবান্ধায় দুদকের পূর্বনির্ধারিত গণশুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই আয়োজনকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে একটি প্রতারক চক্র অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং বিষয়টি দুদকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলেও তিনি জানান।
/মহু