সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যাকাণ্ড এবং ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয় ছাত্রশক্তি।
রোববার (১০ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ভাস্কর্য চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সরকারের ‘নীরব ভূমিকার’ তীব্র সমালোচনা করা হয়।
সমাবেশে জবি শাখা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব শাহিন মিয়া বলেন,‘ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে মুসলমানদের ওপর নির্যাতন বেড়েছে। গতকালও বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হলেও সরকারের পক্ষ থেকে কোনো জোরালো প্রতিবাদ দেখা যায়নি।’
তিনি আরও বলেন, ক্ষমতায় টিকে থাকতে হলে বিদেশের সঙ্গে সমঝোতা নয়, বরং দেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দিতে হবে।
ছাত্রশক্তির সংগঠক সজীব মৃধা বলেন, ‘ভারতের সঙ্গে সম্পর্ক অবশ্যই থাকবে, তবে তা হতে হবে বাংলাদেশের মানুষের ইচ্ছা ও স্বার্থের ভিত্তিতে। বর্তমান সরকার ভারতের সঙ্গে কেমন সম্পর্ক গড়ে তুলছে, তা জনগণের কাছে স্পষ্ট করা উচিত।’
এসময় জাতীয় ছাত্রশক্তির শাখা আহ্বায়ক ফয়সাল মুরাদ ভারতে মুসলমানদের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সেখানে উগ্রবাদীরা মুসলমানদের ব্যাবসা-বাণিজ্য দখল করছে এবং ধর্মীয় কাজে বাধা দিচ্ছে । অনেককে 'বাংলাদেশি' অপবাদ দিয়ে ভোটাধিকারেও বাধা দেওয়া হচ্ছে।’
বিক্ষোভ সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/জেডি