কাতারের আঞ্চলিক জলসীমায় একটি বাণিজ্যিক কার্গো জাহাজে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। রোববার (১০ মে) সকালে আবুধাবি থেকে যাত্রা করা জাহাজটি কাতারের জলসীমায় প্রবেশের সময় লক্ষ্য করে হামলা চালানো হয় বলে জানানো হয়েছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই ঘটনাকে আন্তর্জাতিক সামুদ্রিক আইন ও নৌ চলাচলের স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। বিবৃতিতে বলা হয়, এটি একটি বিপজ্জনক ও অগ্রহণযোগ্য উত্তেজনা, যা উপসাগরীয় অঞ্চলের বাণিজ্যিক নৌপথ ও গুরুত্বপূর্ণ সরবরাহ ব্যবস্থার নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে।
হামলার ফলে জাহাজে সামান্য অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সৌভাগ্যক্রমে কোনো ক্রু সদস্য আহত হননি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
কাতার সরকার ঘটনার জন্য দায়ী ব্যক্তি বা গোষ্ঠীকে শনাক্ত করতে অবিলম্বে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে। তারা বলেছে, নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে একসঙ্গে কাজ করতে হবে এবং এ ধরনের হামলার পুনরাবৃত্তি রোধ করতে হবে।
এখনও পর্যন্ত কোনো পক্ষ এই হামলার দায় স্বীকার করেনি। তদন্ত চলমান রয়েছে।
/ইউএমএইচ