রাজধানীতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রথমবারের মতো নিজস্ব ব্যবস্থাপনায় ‘প্রাক-বর্ষা এডিস মশার লার্ভা জরিপ’ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
রোববার (১০ মে) নগর ভবনের বুড়িগঙ্গা হলে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
১২ দিনব্যাপী এই জরিপে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডের ২,২৫০টি বাড়ি থেকে নমুনা সংগ্রহ করা হবে। আধুনিক ‘কবো টুলবক্স’ ব্যবহার করে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে ডেঙ্গুর ‘হটস্পট’ চিহ্নিত করা হবে। জরিপ কাজে ডিএসসিসি ও স্বাস্থ্য অধিদপ্তরের মোট ৩৬ জন মাঠকর্মী অংশ নিচ্ছেন।
উদ্বোধনী বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, ডেঙ্গু জনজীবনের জন্য বড়ো হুমকি। লার্ভার উৎস সঠিকভাবে শনাক্ত করা গেলে প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার আগেই তা প্রতিরোধ করা সম্ভব। এ কাজে মাঠকর্মীদের কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না।
উদ্বোধন শেষে প্রশাসক ফুলবাড়িয়া এলাকায় কেন্দ্রীয় পশু হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে মশার লার্ভা ও জমাটবদ্ধ পানি পাওয়ায় তিনি হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেন এবং তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
ডিএসসিসি জানিয়েছে, জরিপ চলাকালীন যেসব স্থানে লার্ভা বা মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়া যাবে, সেখানে দ্রুত প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিয়মিত মশক নিধন কার্যক্রমও জোরদার করা হবে।
সময়ের আলো/জেডি