রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে শুরু হয়েছে বাকযুদ্ধ ।
শনিবার (৯ মে) রাতে ইডেন কলেজের প্রধান ফটকে লেখা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ দেয়াললিখন মুছে ফেলার জেরে একদল শিক্ষার্থী বিক্ষোভ শুরু করেন। এসময় তারা ছাত্রদলের ব্যানার ছিঁড়ে আগুন দেওয়ার চেষ্টা করেন এবং ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত রাখার দাবিতে স্লোগান দেন।
এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। তিনি দাবি করেন, 'তিতুমীর কলেজের মতো ইডেনেও ছাত্রীসংস্থার কর্মীরা সাধারণ শিক্ষার্থীর বেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।' তিনি একে ‘গুপ্ত শিবির ও ছাত্রীসংস্থার মব সন্ত্রাস’ হিসেবে অভিহিত করেন।
নাছির আরও বলেন, 'রাজনৈতিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে কলেজ প্রশাসনের উচিত শিবিরের কূটচালের সামনে মাথা নত না করা। ছাত্রদল নেত্রীদের হয়রানি বন্ধ না হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারিও দেন তিনি।'
পাল্টা বক্তব্য দিয়েছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সাবেক ডাকসু জিএস এস এম ফরহাদ। তিনি ছাত্রদলের কিছু নেতিবাচক সংবাদ শেয়ার করে বলেন, 'জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও ছাত্রদল সংশোধিত হয়নি। চাঁদাবাজি ও নানা অপরাধে জড়িয়ে তারা ছাত্ররাজনীতিকে কলুষিত করেছে বলেই শিক্ষার্থীরা আজ ক্যাম্পাসে রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে।' তিনি ছাত্রদলকে ‘শিক্ষার্থীদের দাস বানানোর প্রকল্প’ থেকে সরে এসে জনকল্যাণমুখী রাজনীতি করার পরামর্শ দেন।
উদ্ভূত পরিস্থিতিতে ইডেন কলেজের পরিবেশ থমথমে রয়েছে। ছাত্রদল নেতা নাছির শিক্ষার্থীদের মৌলিক রাজনৈতিক অধিকার রক্ষার আহ্বান জানালেও শিবির নেতা ফরহাদ ছাত্রদলের সাংগঠনিক আচরণকেই বর্তমান সংকটের জন্য দায়ী করেছেন।
সময়ের আলো/জেডি