ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) পরিচালিত ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক বরুণ কুমার সাহার বিরুদ্ধে একাধিক ছাত্রীকে যৌন হয়রানি ও আপত্তিকর আচরণের অভিযোগ উঠেছে।
হিজাব পরিহিত শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং গোপনে ভিডিও ধারণ করে হুমকির প্রতিবাদে রোববার (১০ মে) ক্লাস বয়কট করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, বরুণ কুমার সাহা দীর্ঘদিন ধরে ছাত্রীদের সঙ্গে আপত্তিকর আচরণ করছেন। বিশেষ করে হিজাব পরা শিক্ষার্থীদের লক্ষ্য করে তিনি কুরুচিপূর্ণ মন্তব্য করেন।
এছাড়া ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের সাধারণ কথোপকথনকেও ভুলভাবে ব্যাখ্যা করে ভিডিও ধারণ করতেন এবং সেই ভিডিও অভিভাবক ও প্রশাসনকে দেওয়ার ভয় দেখিয়ে মানসিক হয়রানি করতেন। এমনকি ক্যাম্পাসের বাইরেও শিক্ষার্থীদের পিছু নিয়ে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জামিল উদ্দিন জানান, অভিযোগ পাওয়ার পরপরই একটি ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। চূড়ান্ত প্রতিবেদন সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি নিশ্চিত করেন।
এদিকে অভিযুক্ত শিক্ষক বরুণ কুমার সাহার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ব্যস্ততার অজুহাত দেখিয়ে কথা বলতে রাজি হননি।
অন্যদিকে, এই ঘটনার তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
এক বিজ্ঞপ্তিতে ডাকসু অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি ও স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছে। সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা তাদের ক্লাস বর্জন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
সময়ের আলো/জেডি