বলিউড অভিনেত্রী দিশা পাটানি এবার পা রাখতে চলেছেন হলিউডে। অ্যাকশন-থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘স্ট্যাটিগার্ডস ভার্সেস হোলিগার্ডস সাগা’র প্রথম কিস্তি ‘দ্য পোর্টাল অব ফোর্স’ দিয়ে তিনি হলিউডে অভিষেক করবেন।
এই সিনেমাটিতে তাকে বোল্ড লুকে দেখা যাবে। তার এই হলিউড যাত্রার শুরুটা হলো সম্প্রতি সিনেমাটির ট্রেলার মুক্তির মধ্য দিয়ে।
এই সিনেমায় জেসিকা নামক একটি কেন্দ্রীয় চরিত্রে দিশা অভিনয় করেছেন। গল্প অনুযায়ী, তিনি দুটি প্রাচীন গোষ্ঠীর মধ্যকার দীর্ঘদিনের যুদ্ধের মাঝে আটকা পড়েন। জেসিকা দুই পক্ষের নেতাদের সন্তান এবং তাকেই এই যুদ্ধের ভাগ্য নির্ধারণকারী নির্বাচিত ব্যক্তি হিসেবে দেখানো হয়েছে।
সিনেমাটিতে দিশার পাশাপাশি হলিউডের নামি তারকা কেভিন স্পেসি, টাইরেস গিবসন ও ডলফ লুন্ডগ্রেন অভিনয় করেছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, বিখ্যাত অভিনেতা কেভিন স্পেসি প্রায় দুই দশক পর এই ছবির মাধ্যমে আবারও পরিচালকের আসনে ফিরেছেন।
আন্তর্জাতিক এই প্রকল্পে কাজ করা নিয়ে দিশা রোমাঞ্চিত বলেছেন, প্রথম আন্তর্জাতিক কাজ পাওয়ায় যেমন উত্তেজনা ছিল, তেমনি কিছুটা ভয়ও কাজ করছিল।
বিশ্বের নানা প্রান্তের অভিজ্ঞ শিল্পীদের সঙ্গে কাজ করা আমার জন্য অনেক বড় শিক্ষা। আমি সবসময় অ্যাকশন পছন্দ করি এবং দেশের মাটিতে যা শিখেছি, তা বিশ্বমঞ্চে তুলে ধরতে পেরে আমি নিজেকে শক্তিশালী মনে করছি।
এদিকে মুক্তির অপেক্ষা আছে এই নায়িকা অভিনীত ‘আওয়ারাপান টু’ সিনেমাটি। বলিউডের ২০২৬ সালের বহুল প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি হলো এটি। সিনেমাটিতে দিশার বিপরীতে অভিনয় করেছেন ইমরান হাশমি। এটি ইমরান হাশমির আগের জনপ্রিয় সিনেমা আওয়ারাপানের সিক্যুয়েল।
জানা গেছে, ‘আওয়ারাপান টু’ সিনেমাটি এ বছরেই ভারতের স্বাধীনতা দিবসের সপ্তাহে মুক্তি পাবে। এটি একটি সংগীতনির্ভর ও প্রেমের গল্প। আগের আওয়ারাপান সিনেমার গানগুলো আজও দর্শকদের কাছে বেশ প্রিয়। সিক্যুয়েলেও সেই পুরোনো অ্যালবামের দুটি গান নতুনভাবে নির্মাণ করা হয়েছে, যা এই সিনেমার বড় আকর্ষণ হতে পারে। সিনেমাটি পরিচালনা করেছেন নিতিন কাকর।
/এসএকে