ইরান বলেছে, তাদের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধের বিষয়ে চীন ভালোভাবেই জানে এবং এ নিয়ে বেইজিং এরইমধ্যে অবস্থান স্পষ্ট করেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আল জাজিরাকে বলেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সম্প্রতি বেইজিং সফরে গিয়ে তেহরানের অবস্থান তুলে ধরেছেন।
তার ভাষায়, চীন পুরোপুরি জানে এটি ছিল প্রয়োজনের যুদ্ধ। এটি ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধ। এটি কোনো আকস্মিক ঘটনা নয়, বরং যুক্তরাষ্ট্রের একতরফা নীতির ধারাবাহিকতা, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।
বাঘাই আরও বলেন, পারস্য উপসাগর, ওমান উপসাগর এবং বৃহত্তর এশিয়া অঞ্চলের স্থিতিশীলতা চীনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি দাবি করেন, চীন যুক্তরাষ্ট্রকে সতর্ক করবে যেন তারা এমন কোনো “বিপজ্জনক বা অবৈধ পদক্ষেপ” না নেয়, যা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনৈতিক নিরাপত্তাকেও ঝুঁকিতে ফেলতে পারে।
তিনি আরও ইঙ্গিত দেন যে, আসন্ন সফরে যুক্তরাষ্ট্র ও চীন শীর্ষ পর্যায়ের আলোচনায় এই যুদ্ধ পরিস্থিতি এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যু গুরুত্বপূর্ণভাবে উঠে আসবে।
/ইউএমএইচ