পঞ্চগড়ের তেঁতুলিয়ার শালবাহান তেলের খনি পুনরায় চালু, আধুনিক প্রযুক্তির মাধ্যমে নতুন করে জরিপ পরিচালনা এবং জাতীয় সম্পদ রক্ষার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (১১ মে) দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে সচেতন নাগরিক কমিটি ও স্থানীয় জনতার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মনোয়ার হোসেন হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড় জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুল খায়ের, সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের যুগ্ম সমন্বয়ক মানিক খানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ১৯৮৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ শালবাহান তেলের খনি থেকে তেল উত্তোলন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। কিন্তু এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রহস্যজনক কারণে খনিটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ তিন দশকেও এ বিষয়ে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা বা পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জনগণের সামনে প্রকাশ হয়নি।
এ সময় মানববন্ধনে বক্তারা ৫ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো, শালবাহান তেলের খনি দ্রুত পুনরায় চালু করা, অতীতের জরিপ প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করা, বিশেষজ্ঞ তদন্ত কমিটি গঠন করা, জাতীয় সম্পদ রক্ষায় দ্রুত কারিগরি ব্যবস্থা গ্রহণ এবং স্থানীয় জনগণের কর্মসংস্থান নিশ্চিত করা।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন মানববন্ধনকারীরা।
/এসএকে