ময়মনসিংহের গফরগাঁও পৌরসভা এলাকা থেকে অপ্রাপ্তবয়স্ক এক কিশোর ও এক কিশোরীকে হেফাজতে নেওয়ার পর সোমবার দুপুরে তাদের অভিভাবকের জিম্মায় দিয়েছে পুলিশ।
গফরগাঁও থানা সূত্রে জানা যায়, রোববার (১০মে) রাতে পৌর এলাকায় দুই কিশোর-কিশোরীকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ তাদের থানায় নিয়ে আসে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দুজনই স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী এবং তাদের বয়স ১৪ বছর। তারা পরস্পরের প্রতি ভালোবাসার সম্পর্কের কারণে পরিবারকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়েছিল।
এ বিষয়ে গফরগাঁও থানার ওসি (তদন্ত) মো. মশিউর রহমান বলেন, ‘দুজনই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় শিশু আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আবেগের বশে এভাবে ঘর ছাড়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অভিভাবকদের সন্তানদের প্রতি আরও যত্নশীল হওয়ার অনুরোধ করছি।’
/মহু