দেশের রফতানি খাতকে বহুমুখী করতে ব্যবসায়ীদের প্রয়োজনীয় নীতি সহায়তা প্রদানের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু।
সোমবার (১১ মে) দুপুরে সচিবালয়ে তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
বৈঠকে দেশের বর্তমান ব্যবসায়িক পরিস্থিতি এবং পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে এই ব্যবসায়ী নেতা উল্লেখ করেন।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, রফতানি বাণিজ্য প্রসারে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা অপরিহার্য। এই দুটি বিষয় স্থিতিশীল থাকলে ব্যবসায়ীরা বিশ্ববাজারে ভালো অবস্থানে ফিরতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও মন্তব্য করেন, সাধারণ নির্বাচনের পর ব্যবসার পরিবেশ ইতিবাচকভাবে ঘুরে দাঁড়াতে শুরু করলেও বর্তমান মধ্যপ্রাচ্য পরিস্থিতির অস্থিরতার কারণে বাণিজ্যের গতি কিছুটা থমকে গেছে। এই প্রতিকূলতা মোকাবিলায় সরকারের সক্রিয় সহযোগিতা প্রয়োজন বলে তিনি মনে করেন।
আসন্ন ঈদুল আজহাসহ বছরের সব সময়ে শ্রমিকদের ন্যায্য পাওনা সময়মতো এবং সঠিকভাবে পরিশোধের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। বিজিএমইএ সভাপতি জানান, শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়াটি সহজতর করতে সরকারের পক্ষ থেকে বিশেষ নীতি সহায়তার দাবি জানানো হয়েছে এবং প্রধানমন্ত্রীকে এই বিষয়ে বিস্তারিত অবহিত করা হয়েছে। শ্রমিক-মালিক সুসম্পর্ক বজায় রেখে উৎপাদন সচল রাখাই এখন পোশাক খাতের প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
একই বৈঠকে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো পুনরায় চালু করার সরকারি উদ্যোগকে সাধুবাদ জানান। তবে তিনি উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে জানান, বাণিজ্যিক ব্যাংকগুলোর অসহযোগিতার কারণে বর্তমানে অনেক সচল কারখানা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।
চলমান কারখানাগুলোকে আর্থিক সংকট থেকে রক্ষা করতে ব্যাংকিং খাতের সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। রফতানি আয়ের ধারা সচল রাখতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর আরও শিল্পবান্ধব হওয়া প্রয়োজন বলে এই ব্যবসায়ী নেতা দাবি করেন।
সময়ের আলো/টিএইচ