নরসিংদীতে মেঘনা নদীতে সহপাঠীদের সঙ্গে গোসল করতে নেমে মাহির শাহরিয়ার নামের এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) দুপুরে নাগরিয়াকান্দী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মাহির শাহরিয়ার ঢাকার বি.এফ শাহীন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং তিনি রাজধানীর মিরপুর-১ এলাকার জহিরুল ইসলামের ছেলে। নিখোঁজ হওয়ার দীর্ঘ ৪ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের একটি বিশেষ ডুবুরি দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
নিহতের সহপাঠীদের সূত্রে জানা গেছে, সোমবার সকালে ঢাকা থেকে বি.এফ শাহীন কলেজ এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থী নরসিংদীর নাগরিয়াকান্দী এলাকায় ভ্রমণে আসেন। সারাদিন বিভিন্ন স্থান ঘুরে দেখার একপর্যায়ে দুপুরের দিকে তারা নাগরিয়াকান্দী এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নামেন।
এ সময় নদীর তীব্র স্রোতে মাহিরসহ তিন শিক্ষার্থী তলিয়ে যেতে শুরু করেন। উপস্থিত অন্য শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে দুজনকে উদ্ধার করতে সক্ষম হলেও সাঁতার না জানায় মাহির গভীর পানিতে তলিয়ে যান।
সহপাঠীরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে মাহিরের সন্ধান না পেয়ে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। সংবাদ পেয়ে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ৪ ঘণ্টা চেষ্টার পর বিকেল ৩টার দিকে নিখোঁজ হওয়ার স্থান থেকে মাত্র ২০ থেকে ৩০ গজ দূরে নদীর তলদেশ থেকে মাহিরের নিথর দেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান ও বিভাগীয় লিডার মোতালিব হোসেন জানান, সোয়া ১টার দিকে খবর পেয়ে তারা রওনা হন এবং আধাঘণ্টার অভিযানে মরদেহটি উদ্ধার করতে সক্ষম হন।
এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের পরিবার ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দা নাসরিন বেগম জানান, নাগরিয়াকান্দী এলাকায় মেঘনা নদীতে প্রায়শই এ ধরনের দুর্ঘটনা ঘটে। তারপরও পর্যটকরা অসতর্ক অবস্থায় নদীতে নামার কারণে প্রাণহানি বাড়ছে। মাহিরের অকাল মৃত্যুতে এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ পর্যটকদের জলাশয়ে নামার ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে।
সময়ের আলো/টিএইচ