বন্ধুদের সঙ্গে আনন্দ ভ্রমণে এসে মেঘনা নদীতে গোসলে নেমে প্রাণ হারালেন মাহির শাহরিয়ার (১৭) নামে এক কলেজছাত্র। সোমবার (১১ মে) বিকেল পৌনে ৪টার দিকে নরসিংদী শহরের নাগরিয়াকান্দি এলাকায় মেঘনার শাখা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মাহির রাজধানীর বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে ঢাকা থেকে ট্রেনে করে বিএএফ শাহীন কলেজ ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজসহ ৪-৫টি শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী ক্লাস ফাঁকি দিয়ে নরসিংদীতে ঘুরতে আসেন। তারা শহরতলীর নাগরিয়াকান্দি সেতুসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখার এক পর্যায়ে দুপুরে মেঘনার শাখা নদীতে গোসল করতে নামেন। সাঁতার না জানায় মাহিরসহ আরও দুই শিক্ষার্থী নদীর স্রোতে তলিয়ে যেতে শুরু করলে সহপাঠীরা দুজনকে উদ্ধারে সক্ষম হলেও মাহির তলিয়ে যান। সংবাদ পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস তল্লাশি শুরু করে। পরে ঢাকা থেকে আসা ডুবুরি দল অভিযান চালিয়ে নিখোঁজের ৪ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন ঢাকার বিভিন্ন নামী স্কুল-কলেজের অসংখ্য শিক্ষার্থী ক্লাস ফাঁকি দিয়ে ট্রেনে করে নরসিংদীর বিভিন্ন পর্যটন এলাকায় ঘুরতে আসেন। যথাযথ তদারকি না থাকায় প্রায়শই এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটছে।
করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক এস এম মাকসুদুর রহমান জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ঢাকা থেকে অভিভাবকরা আসার পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
/কহু