ভারতের মুসলিম সংখ্যালঘুদের কে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে পাতানো নির্বাচন পরবর্তী সংগঠিত সংখ্যালঘু মুসলমানদের লক্ষ্য করে পরিচালিত সহিংস কর্মকাণ্ডকে মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি বলে আখ্যায়িত করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
সোমবার (১১ মে) বাদে আসর হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার আহবানে এক বিক্ষোভ-মিছিলে তিনি এ মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে হেফাজত আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, বিভিন্ন গণমাধ্যম ও স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী এসব সহিংস কর্মকাণ্ডে উগ্রপন্থি বিজেপি সমর্থকদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর হামলা কোনো সভ্য, গণতান্ত্রিক ও বহুত্ববাদী রাষ্ট্রব্যবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না।
পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর উস্কানিমূলক বক্তব্যই মুসলমানদের হামলার প্রধান কারণ উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে জেতার পর ওই বিজেপি নেতা বলেছে তাকে নাকি মুসলমানরা ভোট দেয়নি। যা মুসলিম বিরোধী মনোভাব উসকে দেওয়ার পাশাপাশি হামলাকারীদের পরোক্ষভাবে উৎসাহিত করেছে।
একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার কাছ থেকে এমন বক্তব্য অত্যন্ত দুঃখজনক। আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই, ভারতের মুসলমানদের ওপর চলমান নির্যাতনের ঘটনায় আনুষ্ঠানিকভাবে নিন্দা এবং কূটনৈতিক পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।একই সঙ্গে ভারত সরকারের কাছে সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তিনি।
এসময় তিনি এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামী জুমাবার চট্টগ্রাম মহানগরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করে তা বাস্তবায়নের আহ্বান জানান।
বিক্ষোভ-মিছিলে সভাপতিত্ব করেন মুফতি মোহাম্মদ আলী কাসেমী, সঞ্চালনা করেন উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা এমরান সিকদার ও মাওলানা কামরুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মীর মোহাম্মদ ইদ্রিস। এতে আরো বক্তব্য রাখেন, হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব, মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী, উপজেলা সহসভাপতি, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা মো.ঈসা, মাওলানা জয়নাল আবেদীন, উপজেলা যুগ্ম সম্পাদক মাওলানা হাফেজ আব্দুল মাবুদ, মাওলানা জমির উদ্দিন, মোরশেদ আলম, মাওলানা হাফেজ মহিউদ্দিন, আবু তাহের রাজিব, রাশেদ আলম, উপজেলা প্রচার সম্পাদক মাওলানা মাসউদ আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুল্লাহ, মাওলানা হাফেজ আমিনুল ইসলাম , মাওলানা ওবাইদুর রহমান, মাওলানা জাকারিয়া প্রমূখ।
/এসএকে