প্রধানমন্ত্রীর কাছে ৫ বিঘা জমি চেয়েছেন ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন দুই শীর্ষ ব্যবসায়ী সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা। সোমবার ব্যবসায়ী প্রতিনিধি দল দুটি সচিবালয়ের

2026-05-12T00:43:17+00:00
2026-05-12T00:43:17+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রীর কাছে ৫ বিঘা জমি চেয়েছেন ব্যবসায়ীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১২:৪৩ এএম 
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন দুই শীর্ষ ব্যবসায়ী সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা। সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন দুই শীর্ষ ব্যবসায়ী সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা। সোমবার ব্যবসায়ী প্রতিনিধি দল দুটি সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় নিট পোশাক প্রস্তুতকারক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে ৫ বিঘা জমি চেয়েছেন সংগঠনের নেতারা। 

ঢাকার পূর্বাচলে বাণিজ্যিক প্লট থেকে এই জমি নিয়ে তারা সেখানে একটি টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চান। বৈঠকে অংশ নেওয়া বিকেএমইএর নেতারা এ তথ্য জানান। তাদের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী জমি দেওয়ার ব্যাপারে ইতিবাচক আশ্বাস দেন বলেও জানান সংগঠনটির শীর্ষ নেতা।

এ বিষয়ে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম সময়ের আলোকে বলেন, নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের অপেক্ষায় ছিলাম। শেষ পর্যন্ত আজ (গতকাল) সে সুযোগ আসে। আমরা বেলা ৩টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসি। মূলত প্রধানমন্ত্রীর কাছে আমরা আমাদের ব্যবসা-বাণিজ্য ঠিকমতো পরিচালনার জন্য সরকারের তরফ থেকে নানা রকম নীতি সহায়তা চেয়েছি। প্রধানমন্ত্রী আমাদের নীতি সহায়তার আশ্বাস দিয়েছেন।

তিনি আরও বলেন, বিভিন্ন বিষয়ে আলোচনার মধ্যে আমরা প্রধানমন্ত্রীর কাছে ঢাকার পূর্বাচলে একটি টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ৫ বিঘা জমি চেয়েছি। আমরা বলেছি, ঢাকার চারপাশে যেসব শিল্প এলাকা আছে যেমন গাজীপুর, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ এলাকার মাঝামাঝি একটি সুন্দর লোকেশন হচ্ছে ঢাকার পূর্বাচল। এখানে অনেকগুলো বাণিজ্যিক প্লট রয়েছে। সেখান থেকে আমরা ৫ বিঘা জমি চেয়েছি, যাতে একটি টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে পারি। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের এই দাবির বিষয়ে ইতিবাচক মনোভাব জানিয়েছেন।

এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিকেএমইএ নেতারা কারখানা চালু রাখতে তার সহযোগিতা চান। তারা বলেন, বন্ধ কারখানা পুনরায় চালু এবং চালু কারখানাগুলো যাতে বন্ধ হয়ে না যায় সে বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহযোগিতা চাওয়া হয়।

এ সময় স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ (এলডিসি গ্র্যাজুয়েশন) পিছিয়ে দেওয়ার বিষয়ে উদ্যোগ গ্রহণ, বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর প্রচেষ্টা ও শ্রম আইন সংসদে পাসের আগে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নেওয়ার জন্য বিকেএমইএর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে বন্ধ কারখানা পুনরায় চালুর পাশাপাশি বর্তমানে চালু থাকা কারখানাগুলো যাতে বন্ধ হয়ে না যায় সে বিষয়ে নীতিগতসহ প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার অনুরোধ জানানো হয়।

প্রধানমন্ত্রী এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি এনবিআর ও ব্যাংকিং সংক্রান্ত জটিলতাগুলো লিখিত আকারে জমা দেওয়ার পরামর্শ দেন।

এ ছাড়া তিনি পণ্যের বৈচিত্র্যকরণ, বিশেষ করে রেশম খাত ও কৃত্রিম তন্তুভিত্তিক পণ্যের সম্ভাবনা, শিল্পের বহুমুখীকরণ এবং জ্বালানি সমস্যা সমাধানের বিষয়েও গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া।

বিকেএমইএর পক্ষ থেকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, সিনিয়র সহ-সভাপতি অমল পোদ্দার, সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারওয়ার সোহেল, সহ-সভাপতি মো. শামসুজ্জামান ও ফকির কামরুজ্জামান নাহিদ।

সংকটে থাকা কারখানাকে সহায়তা দেবে সরকার : বন্ধ কারখানা চালুর পাশাপাশি ধুঁকতে থাকা কারখানাগুলোর জন্য সরকার নীতি সহায়তা দেবে। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর নেতাদের সঙ্গে পৃথক বৈঠকে তাদের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান এই আশ্বাস দিয়েছেন।

বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম এই তথ্য নিশ্চিত করেন। তারা বলেন, ধুঁকতে থাকা কারখানার জন্য নীতি সহায়তার বিষয়ে প্রধানমন্ত্রী সংগঠন দুটির কাছে লিখিত আবেদন চেয়েছেন।

জানতে চাইলে এ বিষয়ে মাহমুদ হাসান খান বলেন, আমরা প্রধানমন্ত্রীকে বন্ধ কারখানা চালুর পাশাপাশি সংকটে থাকা কারখানার জন্যও প্রণোদনা দেওয়ার অনুরোধ করেছি। একই সঙ্গে বলেছি, এমন কাউকে সহায়তা দেওয়া উচিত হবে না, যারা কারখানা চালু করতে পারবে না। বিজিএমইএর সদস্যদের মধ্যে বন্ধ কারখানাগুলো চালু সম্ভব এবং সংকটে থাকা কারখানার তালিকা চেয়েছেন প্রধানমন্ত্রী।


  বিষয়:   প্রধানমন্ত্রী  বিজিএমইএ  বিকেএমই 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: