ইতিহাসের পুনরাবৃত্তি, স্প্যানিশ সিংহাসনে বার্সা

ক্রীড়া ডেস্ক

খেলা

একশ বছর আগের এক অ-মধুর ইতিহাসের পুনরাবৃত্তি। স্প্যানিশ ফুটবলের সিংহাসনে বার্সেলোনা। ১৯৩১-৩২ মৌসুমে বার্সেলোনার মাঠে ড্র করে রিয়াল মাদ্রিদ লা

2026-05-12T03:21:30+00:00
2026-05-12T03:21:30+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
ইতিহাসের পুনরাবৃত্তি, স্প্যানিশ সিংহাসনে বার্সা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৩:২১ এএম 
সংগৃহীত ছবি
একশ বছর আগের এক অ-মধুর ইতিহাসের পুনরাবৃত্তি। স্প্যানিশ ফুটবলের সিংহাসনে বার্সেলোনা। ১৯৩১-৩২ মৌসুমে বার্সেলোনার মাঠে ড্র করে রিয়াল মাদ্রিদ লা লিগার শিরোপা নিশ্চিত করেছিল, যা ছিল কাতালানদের জন্য এক দীর্ঘস্থায়ী আক্ষেপ। ঠিক এক শতাব্দী পর ২০২৫-২৬ মৌসুমে এসে সেই একই মঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বীদের ২-০ গোলে হারিয়ে মধুর প্রতিশোধ নিল বার্সা। 

রোববার রাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যুর জয়ে তিন ম্যাচ হাতে রেখেই নিজেদের ২৯তম লা লিগা আর টানা দ্বিতীয়বার লিগ শিরোপা নিশ্চিত করল হ্যান্সি ফ্লিকের দল। ম্যাচের শুরু থেকেই দুদলের লড়াইয়ে বারুদ ঠাসা উত্তেজনা থাকলেও শেষ হাসিটা হেসেছে স্বাগতিকরাই।

ম্যাচটি বার্সেলোনার জন্য কেবল শিরোপা নির্ধারণী ছিল না, এটি ছিল কোচ হ্যান্সি ফ্লিকের প্রতি ফুটবলারদের শ্রদ্ধা নিবেদনের রাত। কয়েক ঘণ্টা আগেই পিতৃবিয়োগের শোক সয়ে ডাগআউটে দাঁড়িয়েছিলেন এই জার্মান কোচ। রেফারির বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই রণক্ষেত্রে রূপ নেওয়া ক্যাম্প ন্যুতে নবম মিনিটেই লিড পায় বার্সা। ডি-বক্সের বাইরে থেকে মার্কাস রাশফোর্ডের দুর্দান্ত এক ফ্রি-কিক খুঁজে নেয় জাল। তার ১০ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন ফেরান তোরেস। বাঁ দিক থেকে ফারমিন লোপেজের বাড়ানো বল রুডিগারের সামনে থেকে দানি ওলমো এক নিপুণ ব্যাকহিলে পাস দেন তোরেসের দিকে। কোর্তোয়াকে পরাস্ত করে চলতি লিগে নিজের ১৭তম গোলটি উদযাপন করেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া রিয়াল মাদ্রিদ একের পর এক আক্রমণ করলেও প্রতিপক্ষের রক্ষণভাগের দৃঢ়তা ভাঙতে পারেনি। ৫৪ মিনিটে এরিক গার্সিয়ার সঙ্গে ধাক্কা লেগে জুড বেলিংহাম আঘাত পেলেও প্রাথমিক চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যান। ৬২ মিনিটে বেলিংহামের একটি গোল অফসাইডের কারণে বাতিল হলে রিয়ালের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন এক প্রকার শেষ হয়ে যায়। খেলার শেষ দিকে মাঠের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ৮০ মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড ও ফারমিন লোপেজের মধ্যকার হাতাহাতির জেরে রাফিনিয়াকে ধাক্কা মারলে রেফারি উভয়কেই হলুদ কার্ড দেখান।  পুরো ম্যাচে ৫৭ শতাংশ বল দখলে রেখে আধিপত্য বিস্তার করে খেলেছে বার্সেলোনা। তাদের নেওয়া ১০টি শটের মধ্যে ৭টিই ছিল লক্ষ্য বরাবর। অন্যদিকে রিয়াল মাদ্রিদ ৮টি শট নিলেও মাত্র একটি অন-টার্গেট রাখতে সক্ষম হয়। আলভারো আরবেলোয়ার শিষ্যরা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেও গোলের দেখা পায়নি।

এতে টানা দ্বিতীয় মৌসুমে শিরোপাহীন থাকার হতাশায় ডুবল বার্নাব্যুর ক্লাবটি। ঘরের মাঠে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখে এবং একশ বছরের পুরোনো ইতিহাসের শোধ নিয়ে ক্যাম্প ন্যুতে নীল-লাল জোয়ারে মেতে ওঠে কাতালানরা।

ম্যাচ শেষে দলের প্রশংসা করে উচ্ছ্বসিত বার্সা কোচ হ্যান্সি ফ্লিক জানান, ‘কঠিন একটি ম্যাচ ছিল এবং আমি এই দিনের কথা কখনো ভুলব না। পুরো দল ও যারা আমাদের সমর্থন করেছেন তাদের ধন্যবাদ জানাতে চাই। সবচেয়ে বড় কথা হলো, এমন একটি দল পেয়ে আমি অত্যন্ত গর্বিত। সবকিছুর জন্য ধন্যবাদ। প্রতিটি ম্যাচে সেই দৃঢ় মানসিকতা নিয়ে লড়াই করার জন্য ধন্যবাদ। সত্যিই এটা প্রশংসনীয়। আমার দল অসাধারণ এবং এই দল নিয়ে আমি খুবই খুশি। খেলোয়াড়দের নিয়ে গর্বিত। ক্যাম্প ন্যুয়ে সমর্থকদের সামনে ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদকে হারানো রোমাঞ্চকর এক ব্যাপার। আমার মনে হয় এখন উদযাপন করা দরকার।’


  বিষয়:   স্প্যানিশ ফুটবল  সিংহাসন  বার্সেলোনা  রিয়াল মাদ্রিদ  লা লিগা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: