দীর্ঘদিন ধরে নাটকে অভিনয় করে দর্শকের কাছে আলাদা জায়গা তৈরি করে নিয়েছেন ছোটপর্দার অভিনেত্রী তাসনুভা তিশা। বিভিন্ন ধরনের চরিত্রে নিজেকে মেলে ধরার চেষ্টা করেন সবসময়। সারা বছর অভিনয়ে সময় কাটলেও ঈদের সময়ে তার ব্যস্ততা বেড়ে যায়।
এবার ঈদেও একাধিক নাটক নিয়ে দর্শকের সামনে আসছেন এ অভিনেত্রী। বিভিন্ন টিভির পাশাপাশি একাধিক ইউটিউব চ্যানেলে প্রচার হবে তার নাটক, এমনটাই জানিয়েছেন তিশা। এরই মধ্যে বেশ কয়েকটি নাটকের শুটিংও শেষ করেছেন তিনি। প্রচারের আগে অনেক সময় নাটকের নাম পরিবর্তন হওয়াই নাটকের শিরোনাম প্রকাশ করেনি অভিনেত্রী।
ঈদের ব্যস্ততা প্রসঙ্গে তিশা বলেন, ‘স্বাভাবিক সময়ের চেয়ে ঈদের আগে ব্যস্ততা বরাবরই বেশি থাকে। এবারও ব্যতিক্রম হচ্ছে না। ঈদে বিভিন্ন মাধ্যমে দর্শক আমাকে দেখতে পাবেন, সে লক্ষ্যেই কাজ করছি।’
তবে বড় এ উৎসবকে কেন্দ্র করে প্রতি বছরই কয়েকশ নাটক-টেলিফিল্ম প্রচার হয়, যেগুলোর মান নিয়ে বরাবরই প্রশ্ন থেকে যায়। এমনকি হাতেগোনা তারকার নাটকই কেবল দর্শকের মন ছুঁতে পারে। সে জায়গা থেকে নিজের কাজের মান কতটুকু ধরে রাখার চেষ্টা করছেন এ বিষয়ে তিনি বলেন, ‘আসলে এখন প্রচারমাধ্যম বেশি হওয়ায় কাজের সংখ্যা বেড়েছে। কাজ বেশি হলে মান কমার একটা প্রবণতা সবসময়ই থাকে। তবে আমি মান নিয়ে আপস করতে চাই না। চেষ্টা করছি প্রতিটি নাটকে ভিন্নতা রাখার। আশা করছি, দর্শক ঈদে ভিন্ন ভিন্ন চরিত্রে তিশাকে দেখে খুশি হবেন এবং ভালোবাসা দিয়ে যাবেন।’ শুধু চরিত্রে ভিন্নতা নয়, এবারের ঈদে একাধিক অভিনেতার বিপরীতেও দেখা যাবে তাসনুভাকে।