এবার ফুটবল বিশ্বকাপের মূলপর্বে রেকর্ড ৪৮টি দেশ অংশ নিলেও ভারত যোগ্যতা অর্জন করতে পারেনি। কিন্তু ফিফা বিশ্বকাপের উদ্বোধন অনুষ্ঠানের মঞ্চে পারফর্ম করবেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি।
আগামী ১২ জুন আমেরিকা, কানাডা ও মেক্সিকো তিনটি আয়োজিত দেশে হবে বিশ্বকাপের উদ্বোধন অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই কানাডার টরন্টোয় পারফর্ম করতে দেখা যাবে নোরাকে। ঘটনাচক্রে নোরা নিজেও কানাডার নাগরিক। তাই জন্মস্থানেই বিশ্বকাপের মতো গ্লোবাল অনুষ্ঠানে পারফর্ম করা একই সঙ্গে আবেগ ও গর্বের। বিশ্বের অন্যতম বৃহত্তম ক্রীড়া আসরে নোরার এই উপস্থিতি তার ক্যারিয়ারে এক নতুন মাইলফলক যোগ করতে চলেছে।
নোরার জন্য এটি দ্বিতীয়বার ফিফা বিশ্বকাপে পারফর্ম করার সুযোগ। এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপেও তিনি নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন। তবে এবারের বিষয়টি আলাদা, কারণ এবার তিনি কেবল একজন নৃত্যশিল্পী হিসেবেই নন, বরং একজন গায়িকা হিসেবেও বিশ্বমঞ্চে নিজের প্রতিভার পরিচয় দেবেন। তার এই বহুমুখী ভূমিকা আন্তর্জাতিক বিনোদন জগতে ক্রমবর্ধমান চাহিদাকেই প্রমাণ করে।
ভারতীয় ও দক্ষিণ এশীয় দর্শকদের মধ্যে নোরার জনপ্রিয়তা অত্যন্ত বেশি। ফলে তার পারফরম্যান্স ঘিরে বিশ্বজুড়ে ব্যাপক দর্শকসংখ্যা টানার আশা করছে ফিফা ও আয়োজকরা। সরাসরি সম্প্রচার করা হবে এই অনুষ্ঠান, যা কোটি কোটি দর্শক দেখবেন বলে মনে করা হচ্ছে। আগামী ১২ জুন থেকে শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে ফিফা বিশ্বকাপ ২০২৬। কানাডার প্রথম ম্যাচ এবং উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই টিকেটের চাহিদা তুঙ্গে। সব মিলিয়ে ফিফার মঞ্চে নোরা ফাতেহির এই পারফরম্যান্সকে ভারতীয় বংশোদ্ভূত শিল্পীদের জন্য অন্যতম বড় আন্তর্জাতিক মুহূর্ত বলেই মনে করা হচ্ছে।
ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, টরন্টোর এই অনুষ্ঠানে নোরার পাশাপাশি মঞ্চ মাতাবেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং আলেসিয়া ক্যারাদের মতো বিশ্বখ্যাত শিল্পীরা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের উদ্বোধন অনুষ্ঠানে কেটি পেরি ও লিসার মতো পপ তারকাদের দেখা যাবে। বিভিন্ন দেশের সংগীত ও সংস্কৃতির এই মেলবন্ধন ২০২৬ বিশ্বকাপকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে।
উল্লেখ্য, মার্চ মাসে মুক্তি পাওয়া কন্নড় ভাষার সর্বভারতীয় চলচ্চিত্র ‘কেডি : দ্য ডেভিল’-এর ‘সরকে চুনরি তেরি’ গানটিতে নোরা ফাতেহি ও সঞ্জয় পারফম্যান্স বিতর্কের সৃষ্টি করে। অশ্লীলতার অভিযোগে জাতীয় মহিলা কমিশন নোরা ফাতেহি, সঞ্জয় দত্ত এবং অন্যদের তলব করে। বৃহস্পতিবার ৭ মে, নোরা জাতীয় মহিলা কমিশনের সামনে হাজির হয়ে ক্ষমা চান।