প্রামাণ্যচিত্রে পূর্ণিমা

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

ঢালিউডের আলোচিত ও লাস্যময়ী সুন্দরী নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। নব্বই দশক থেকে শুরু করে এখন পর্যন্ত দর্শকপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি

2026-05-12T03:59:33+00:00
2026-05-12T03:59:33+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
প্রামাণ্যচিত্রে পূর্ণিমা
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৩:৫৯ এএম 
নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। সংগৃহীত ছবি
ঢালিউডের আলোচিত ও লাস্যময়ী সুন্দরী নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। নব্বই দশক থেকে শুরু করে এখন পর্যন্ত দর্শকপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি তার। তবে অনেক দিন ধরেই সিনেমা থেকে দূরে এই তারকা। মাঝেমধ্যে রিয়েলিটি শোর বিচারকের আসনে দেখা গেলেও নেই অভিনয়ে। গত কয়েক বছরে একাধিক সিনেমায় কাজ করলেও মুক্তি পায়নি। নাটকেও অভিনয় করছেন না দীর্ঘকাল। হঠাৎ সচেতনতামূলক একটি প্রামাণ্যচিত্রে অংশ নিয়ে আলোচনায় পূর্ণিমা।

জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা নিয়ে নির্মিত হয়েছে নতুন প্রামাণ্যচিত্র ‘অস্তিত্বের লড়াই’। ১৯৭০ সালে ভোলায় ঘটে যাওয়া ভয়াল প্রাকৃতিক দুর্যোগকে কেন্দ্র করে এটি নির্মাণ করেছেন ‘প্রেমের তাজমহল’খ্যাত চলচ্চিত্র পরিচালক গাজী মাহবুব। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

জানা গেছে, বেসরকারি উন্নয়ন সংস্থা মানবসুর উন্নয়ন সংস্থার (মাউস) উদ্যোগে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্রটি। সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা সোহরাব লাভুর গ্রন্থণা ও পরিকল্পনায় নির্মিত কাজটির নাম রাখা হয়েছে ‘অস্তিত্বের লড়াই’।

প্রামাণ্যচিত্রটি প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘কাজটির ভাবনা আমার খুব ভালো লেগেছে। মানুষকে সচেতন করার দায়িত্ববোধ থেকেই এতে যুক্ত হয়েছি। আমি সবসময় ভালো ও ইতিবাচক কাজের সঙ্গে থাকতে চাই।’

নির্মাতা গাজী মাহবুব জানান, প্রামাণ্যচিত্রটিতে উঠে আসবে ১৯৭০ সালের ভয়াবহ বন্যা ও ঘূর্ণিঝড়ের মর্মান্তিক স্মৃতি। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাবে বর্তমান বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি এবং এ থেকে উত্তরণের করণীয় বিষয়গুলোও তুলে ধরা হবে।

মানবসুর উন্নয়ন সংস্থার আয়োজনে ‘জলবায়ু সহনশীল বাংলাদেশ’ গঠনের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রামাণ্যচিত্রটি প্রদর্শন করা হবে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় দুই হাজার স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের দিনব্যাপী প্রশিক্ষণ ও সনদ দেওয়া হবে। পরবর্তীতে এটি অনলাইনেও প্রকাশ করা হবে বলেও জানান গাজী মাহবুব।

প্রশিক্ষণ কর্মসূচির বিস্তারিত তথ্য সংস্থাটির ফেসবুক পেজে প্রকাশ করা হচ্ছে বলেও জানিয়েছেন নির্বাহী কর্মকর্তা সোহরাব লাভু।

প্রামাণ্যচিত্রটিতে পূর্ণিমার পাশাপাশি আরও অংশ নিয়েছেন কাজী হায়াৎ, শিবা শানু, তানহা তাসনিয়া, শিরিন শিলা, মৌ খান, জয় চৌধুরী প্রমুখ।

প্রসঙ্গত, ১৯৯৭ সালে পূর্ণিমা চলচ্চিত্রে পা রাখেন জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ দিয়ে। এর অনেক চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। অভিনয় জীবনে বিভিন্ন পুরস্কার ও সম্মাননাসহ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।


  বিষয়:   নায়িকা  দিলারা হানিফ পূর্ণিমা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: