নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে দুই কিশোর শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) ভোরে লেকের পানিতে তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
নিহতরা হলো- মনিরুল (১৫) ও শুভ (১৫)। তারা স্থানীয় গুদনাইল বাগপাড়া আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে মাদ্রাসার পরীক্ষা শেষে মনিরুল ও শুভসহ আরও কয়েকজন বন্ধু মিলে নাভানা মাঠে ফুটবল খেলতে যায়। খেলা শেষে বিকেলে পাঁচ বন্ধু মিলে বার্মাস্ট্যান্ড নয়াপাড়া এলাকার ১ নম্বর সেতুর পাশে ডিএনডি লেকে গোসল করতে নামে। গোসল শেষে তিন বন্ধু বাড়িতে ফিরে এলেও মনিরুল ও শুভ আর ফিরে আসেনি। পরিবারের সদস্যরা রাতভর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাননি।
পরদিন মঙ্গলবার ভোর ৬টার দিকে স্থানীয় লোকজন লেকের পানিতে দুটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে অবহিত করেন। নিহত মনিরুলের বাবার নাম মোহাম্মদ জাকির, বাড়ি মাগুরার মোহাম্মদপুর উপজেলায়। সে বর্তমানে পরিবারের সঙ্গে সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ি ভূঁইয়াপাড়া এলাকায় বসবাস করত। অন্যদিকে নিহত শুভর গ্রামের বাড়ি পটুয়াখালীর মরিচবুনিয়া এলাকায়, তার বাবার নাম মিজান শিকদার। শুভ পরিবারের সঙ্গে নাসিক ৬ নম্বর ওয়ার্ডের মুনলাইট এলাকায় থাকত।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুম বিল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
/কহু