তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বড় সিদ্ধান্তেই চমক দেখালেন সুপারস্টার থালাপতি বিজয়। রাজ্যের মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত ৭১৭টি রাষ্ট্রায়ত্ত মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি। আগামী দুই সপ্তাহের মধ্যে এই আদেশ কার্যকর করতে বলা হয়েছে। বিজয়ের নেতৃত্বাধীন ক্ষমতাসীন ‘তামিলগা ভেট্রি কাজাগাম’ (টিভিকে) গত মাসের বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর এটিই তার প্রথম প্রশাসনিক পদক্ষেপ।
গত মাসের নির্বাচনে বিজয়ের দল ২৩৪টি আসনের মধ্যে ১০৮টিতে জয়লাভ করে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়। তবে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১১৮টি আসন থেকে ১০টি কম থাকায় সরকার গঠনে কিছুটা বিলম্ব হয়। সপ্তাহব্যাপী রাজনৈতিক নাটকীয়তার পর কংগ্রেস, দুটি বাম দল এবং বিসিকে-র সমর্থনে প্রয়োজনীয় আসন নিশ্চিত করে সরকার গঠন করেন বিজয়। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতি—‘নেশামুক্ত তামিলনাড়ু’ গড়ার পথে প্রথম পদক্ষেপ নিলেন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বর্তমানে তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন (টাসম্যাক)-এর অধীনে রাজ্যে মোট ৪,৭৬৫টি মদের দোকান রয়েছে। এর মধ্যে ২৭৬টি ধর্মীয় উপাসনালয়ের কাছে, ১৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের সন্নিকটে অবস্থিত। যদিও মদের দোকান থেকে তামিলনাড়ু সরকারের বিশাল অংকের রাজস্ব আসে। ২০২৫ সালে এই খাত থেকে আয় হয়েছিল ৪৮ হাজার কোটি রুপিরও বেশি আয় হয়, তবুও জনস্বার্থকে প্রাধান্য দিয়ে বিজয় এই সাহসী সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
নির্বাচনের আগে থেকেই টাসম্যাক-এর কর্মকাণ্ড নিয়ে ব্যাপক বিতর্ক ছিল। গত বছর ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অর্থ পাচারের অভিযোগে রাজ্যের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছিল। ইডির দাবি অনুযায়ী, তারা টাসম্যাক-এর কার্যক্রমে ‘একাধিক অনিয়ম’ এবং ১,০০০ কোটি রুপিরও বেশি ‘অঘোষিত’ নগদ অর্থ পেয়েছে। এছাড়াও বার লাইসেন্স এবং মদের বোতলে অতিরিক্ত ১০ থেকে ৩০ রুপি দাম নেওয়ার মতো দুর্নীতির প্রমাণ পাওয়ার দাবিও করেছিল সংস্থাটি।
/কহু