হামের প্রকোপ বৃদ্ধি এবং টিকার সংকটের কারণ অনুসন্ধানে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।
মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এই তথ্য জানান।
তথ্য উপদেষ্টা বলেন, হামের সংক্রমণে চার শতাধিক শিশুর মৃত্যু একটি অত্যন্ত গুরুতর বিষয়। কী কারণে টিকার সংকট তৈরি হলো এবং টিকাদান কর্মসূচিতে কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তদন্তে কোনো ধরনের অবহেলা বা অপরাধ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, শিশুদের চিকিৎসায় সরকারি সুযোগ-সুবিধা আরও বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে।
বিভিন্ন সময়ে করা আন্তর্জাতিক চুক্তি প্রসঙ্গে উপদেষ্টা জানান, আগের সরকার বা অন্তর্বর্তী সরকারের আমলের যে-কোনো চুক্তি থেকে বের হওয়া অসম্ভব নয়। তবে এ ক্ষেত্রে আইনগত শর্ত ও গোপনীয়তার বিষয়গুলো বিবেচনা করতে হয়। জনস্বার্থবিরোধী চুক্তিগুলো সরকার বর্তমানে পর্যালোচনা ও মূল্যায়ন করছে।
যুক্তরাষ্ট্রের সাথে হওয়া সাম্প্রতিক চুক্তি বাতিলের প্রভাব সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে রপ্তানি পণ্যের ওপর শুল্ক আরোপসহ সম্ভাব্য কূটনৈতিক ফলাফল মাথায় রাখতে হবে। তবে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে প্রতিটি চুক্তি মূল্যায়ন করা হবে।
এছাড়া দেশের জ্বালানি পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং কোনো সংকট নেই বলেও তিনি নিশ্চিত করেন।
সময়ের আলো/জেডি