জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আগামীকাল বুধবার দিনভর ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকায় অবস্থান করার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১২ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এই সফরের কথা জানান।
ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী উল্লেখ করেন, সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত দুই বাংলাদেশির কবর জিয়ারত এবং তাদের শোকাহত পরিবারের পাশে কিছুটা সময় অতিবাহিত করবেন তিনি। একইসাথে সীমান্তে নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সাথেও তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন।
সফরের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে এনসিপি নেতা জানান, তিনি সীমান্ত এলাকার মানুষের জীবনসংগ্রাম, দুঃখ-কষ্ট ও প্রতিদিনের কঠিন বাস্তবতাগুলো খুব কাছ থেকে জানার চেষ্টা করবেন। এ সময় তিনি স্থানীয় লিচু বাগান পরিদর্শন এবং সাধারণ মানুষের সাথে টং দোকানে আড্ডায় অংশ নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন।
পোস্টে তিনি আরও বলেন, একটি সীমান্তঘেঁষা জনপদের মানুষের প্রতিদিনের সংগ্রাম ও বেদনা অনুভব করার এই সফরটি তার কাছে মানবিকতা ও বাস্তব অভিজ্ঞতার এক গভীর উপলব্ধি হয়ে থাকবে। আগ্রহী যে কেউ চাইলে এই সফরে তার সাথে যোগ দিতে পারেন বলেও তিনি আহ্বান জানান।
/কহু