বিশ্বখ্যাত অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর ভক্তদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার ছোট পর্দায় আসছে এই সিরিজের রোমাঞ্চ। এনবিসিইউ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে, তারা এই জনপ্রিয় সিনেমার ওপর ভিত্তি করে লাইভ-অ্যাকশন টিভি সিরিজ নির্মাণ করতে যাচ্ছে।
সোমবার (১১ মে) এনবিসিইউ-এর একটি বিশেষ অনুষ্ঠানে ফ্র্যাঞ্চাইজির মূল তারকা ও প্রযোজক ভিন ডিজেল এই বড় ঘোষণাটি দেন। তিনি জানান, পিকক ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে এই ইউনিভার্সের মোট চারটি শো দর্শকদের সামনে আসবে, যা এই ফ্র্যাঞ্চাইজিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ডেডলাইনের তথ্য অনুযায়ী, সিরিজের প্রথম প্রজেক্টটি সরাসরি পিকক-এর জন্য নির্মিত হচ্ছে এবং আরও কয়েকটি শো ইউনিভার্সাল টেলিভিশনের অধীনে বিভিন্ন পর্যায়ে নির্মাণাধীন রয়েছে। এই লাইভ-অ্যাকশন সিরিজগুলোর নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করবেন ভিন ডিজেল নিজেই।
সিরিজের পাইলট বা উদ্বোধনী পর্বটি যৌথভাবে লেখার দায়িত্ব পেয়েছেন মাইক ড্যানিয়েলস ও উলফ কোলম্যান। ইউনিভার্সাল স্টুডিও এখন পর্যন্ত সিরিজের কাহিনি বা বিস্তারিত তথ্য গোপন রাখলেও ভিন ডিজেল জানিয়েছেন, টেলিভিশন জগতে প্রবেশের এই স্বপ্নটি তাদের গত এক দশকের পরিকল্পনার অংশ।
অনুষ্ঠানে ভিন ডিজেল আরও জানান, এই সিরিজগুলোর কাজ এগিয়ে নিতে তিনি এমনকি মূল সিনেমার সিক্যুয়েল করার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন। তার মতে, গত দশ বছরে ভক্তরা এই ঐতিহ্যবাহী চরিত্রগুলোর পেছনের গল্প আরও বিস্তারিতভাবে জানার আগ্রহ প্রকাশ করেছেন, যা তাদের টিভি সিরিজে আসার সিদ্ধান্তকে ত্বরান্বিত করেছে।
এছাড়াও নেটফ্লিক্সের জন্য এই ফ্র্যাঞ্চাইজির একটি অ্যানিমেটেড সিরিজ তৈরি হচ্ছে, যেখানেও ভিন ডিজেল যুক্ত থাকছেন। সিনেমার বিশাল পর্দায় গতির ঝড় তোলার পর এখন ঘরোয়া ড্রয়িংরুমেও সেই উত্তেজনা ছড়িয়ে দেওয়াই তাঁদের মূল লক্ষ্য।
চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শনীর মাধ্যমে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজির ২৫ বছর পূর্তি উদ্যাপন করা হবে। সেখানে ভিন ডিজেল ও নীল মরিৎজ উপস্থিত থেকে বিশ্বব্যাপী এই সিরিজের অসামান্য সাফল্য উদ্যাপন করবেন।
উল্লেখ্য, এখন পর্যন্ত মুক্তি পাওয়া ১১টি চলচ্চিত্রের মাধ্যমে এই ফ্র্যাঞ্চাইজি বিশ্বজুড়ে ৭ বিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে। ভক্তদের জন্য বাড়তি খবর হলো, ২০২৮ সালের ১৭ মার্চ এই সিরিজের নতুন চলচ্চিত্র ‘ফাস্ট ফরেভার’ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সময়ের আলো/টিএইচ