চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দুর্ঘটনার হটস্পট হিসেবে পরিচিত লোহাগাড়ার জাঙ্গালিয়া এলাকায় ৯০০ মিটার সড়ক চার লেনে উন্নীতকরণের কাজ পুরোদমে চলছে। সোমবার (১১ মে) উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় দোহাজারী হাইওয়ে সড়ক বিভাগের শেষ অংশে এ কাজ শুরু হয়। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া ও সাতকানিয়া অংশে সড়ক প্রশস্তকরণের কাজ তিনটি প্যাকেজে বাস্তবায়ন করা হচ্ছে।
এর মধ্যে প্যাকেজ-১ এর আওতায় সাতকানিয়া রাস্তার মাথা থেকে লোহাগাড়ার রাজঘাটা ব্রিজ এলাকা পর্যন্ত ৮ দশমিক ৪ কিলোমিটার সড়ক প্রশস্ত করা হবে। এ কাজ বাস্তবায়ন করছে এমএএইচ কনস্ট্রাকশন। এ প্যাকেজের বরাদ্দ ৩৫ কোটি টাকা।
প্যাকেজ-২ এর আওতায় লোহাগাড়ার রাজঘাটা থেকে চুনতির মিঠার দোকান এলাকা পর্যন্ত ৭ কিলোমিটার সড়ক প্রশস্ত করা হচ্ছে। এ কাজ বাস্তবায়ন করছে এমএ কনস্ট্রাকশন। এ প্যাকেজের বরাদ্দ ৩৪ কোটি টাকা।
প্যাকেজ-৩ এর আওতায় চুনতির মিঠার দোকান থেকে জাঙ্গালিয়া এলাকা পর্যন্ত ৬ কিলোমিটার সড়ক প্রশস্ত করা হচ্ছে। এ কাজও করছে এমএএইচ কনস্ট্রাকশন। এ প্যাকেজের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩০ কোটি টাকা।
এছাড়া চন্দনাইশ স্টেশন, লোহাগাড়া উপজেলা সদর বটতলী স্টেশন ও পদুয়া স্টেশন এলাকায় মহাসড়ক প্রশস্তকরণ এবং সড়কের দুই পাশে ড্রেন নির্মাণের কাজ করছে মাসুদ হাইটেক নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ কাজের বরাদ্দ ১০ কোটি টাকা।
লোহাগাড়া উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি অধ্যাপক হামিদুর রহমান বলেন, এই মহাসড়কে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। গত ১০ মে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। সড়ক প্রশস্তকরণের কাজ শেষ হলে দুর্ঘটনা কমতে পারে।
চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আবু হানিফ বলেন, প্রকল্পের আওতায় মহাসড়কের দুই পাশে ৬ ফুট করে প্রশস্তকরণের কাজ চলছে। প্রতিটি ঝুঁকিপূর্ণ বাঁকে ১০ থেকে ১২ ফুট পর্যন্ত প্রশস্ত করা হচ্ছে। তিনি আরও বলেন, জাঙ্গালিয়া এলাকায় ৯০০ মিটার সড়ক চার লেনে উন্নীত করা হচ্ছে। এই অংশে মাঝখানে ৪ ফুট ডিভাইডার থাকবে। এছাড়া জাইকার সহযোগিতায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজও ধাপে ধাপে চলমান রয়েছে।
আরবিএন