পটুয়াখালীর বাউফলে গত রোববার থেকে রহস্যজনকভাবে নিরুদ্দেশ রয়েছে চার শিক্ষার্থী। বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে তারা আর বাড়ি ফেরেনি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চরম উৎকণ্ঠায় আছেন ওই চার শিক্ষার্থীর পরিবারের স্বজনেরা।
এ ঘটনায় গত রোববার রাতে চার শিক্ষার্থীর অভিভাবকেরা বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ চার শিক্ষার্থীর মধ্যে তিনজন সপ্তম শ্রেণির ও একজন অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তিনজন একই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। একজন পাশের অন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।
নিখোঁজ এক শিক্ষার্থীর বাবা বলেন, সোমবার বিকেলে একটি অচেনা নম্বর থেকে তার স্ত্রীর মোবাইলফোনে কল এসেছে। অপরপ্রাপ্ত থেকে তার মেয়ে জানিয়েছে, তারা চারজন এক আন্টির সঙ্গে বেড়াতে গিয়েছে। তবে স্থানের নাম না বলে ফোন কেটে বন্ধ করে দেয়।
অন্য তিন শিক্ষার্থীর পরিবারও একই ধরনের তথ্য পাওয়ার কথা নিশ্চিত করেছে। তবে নিখোঁজ হওয়ার বিষয়ে তারা কিছুই জানেন না।
নিখোঁজ এক শিক্ষার্থীর স্বজন জানিয়েছে, ওই কিশোরী তার বাবার ৩৫ হাজার টাকা নিয়ে গেছে। তাতে আক্ষেপ নাই। কিন্তু কোথায়? কী অবস্থায়? কার সঙ্গে গেছে সেটা জানতে না পারায় তিনি ও তার স্বজনেরা খুবই উদ্বিগ্ন।
বিদ্যালয়ের শিক্ষকেরা জানিয়েছেন, তাদের বিদ্যালয়ের নিখোঁজ চার শিক্ষার্থী শ্রেণি কার্যক্রমে অনুপস্থিত ছিল। পরে বিকেলে অভিভাবকদের মাধ্যমে তারা জানতে পারেন, শিক্ষার্থীরা বিদ্যালয়ের কথা বলে বের হয়েছিল। ইতোমধ্যে তাদের সহপাঠীদের সঙ্গে আলাপ করে বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হয়েছে, তবে পাওয়া যায়নি এবং নিখোঁজ হওয়ার কোনো কারণ জানতে পারেননি।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, চার কিশোরীকে উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে। তিনি আশা করেন দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করে তাদের পরিবারের কাছে পৌঁছে দিতে সক্ষম হবেন।
সময়ের আলো/জোই