চলমান যুদ্ধ শেষ করার কোনো ইচ্ছা রাশিয়ার নেই বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি, ফ্রন্টলাইনে যুদ্ধ এখনো অব্যাহত রয়েছে এবং নতুন করে বড় ধরনের হামলার জন্য কিয়েভ প্রস্তুতি নিচ্ছে। এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ফ্রন্টলাইনে কোনো ধরনের শান্ত পরিস্থিতি নেই। যুদ্ধ এখনো চলছে। রাশিয়া যুদ্ধ শেষ করার কোনো ইচ্ছা দেখাচ্ছে না।
তিনি আরও বলেন, শান্তি প্রতিষ্ঠার কূটনৈতিক প্রচেষ্টা চলমান থাকলেও বাস্তবতা হলো যুদ্ধ থামেনি।
ফ্রন্টলাইনে তীব্র সংঘর্ষ
ইউক্রেনের সামরিক সূত্র অনুযায়ী, একদিনেই অন্তত ৩৮টি রুশ হামলা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি চাপ ছিল পোকরোভস্ক অঞ্চলে। পাশাপাশি লিমান, কনস্টানতিনিভকা, স্লোভিয়ানস্কসহ একাধিক এলাকায় গোলাবর্ষণ ও সংঘর্ষ অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী সুমি ও খারকিভ অঞ্চলও হামলার বাইরে নয়।
অন্যদিকে রাশিয়া দাবি করেছে, ইউক্রেন একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ফলে দুই পক্ষের মধ্যে দোষারোপ আরও বেড়েছে।
কূটনৈতিক তৎপরতা ও প্রতিরক্ষা প্রস্তুতি
এই উত্তেজনার মধ্যেই কূটনৈতিক তৎপরতা বাড়ছে বলে জানিয়েছে কিয়েভ। জেলেনস্কি জানান, তিনি জার্মানির প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে যৌথ অস্ত্র উৎপাদন নিয়ে আলোচনা করেছেন। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রতি নতুন সহায়তার গতি বাড়ানোর বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
ইউক্রেনের দাবি, তারা যুদ্ধক্ষেত্রে অবস্থান কিছুটা স্থিতিশীল করতে সক্ষম হয়েছে এবং আকাশ প্রতিরক্ষায় প্রায় ৯০ শতাংশ পর্যন্ত হামলা প্রতিহত করা যাচ্ছে। এদিকে ইউক্রেন ও জার্মানি ড্রোন ও আধুনিক অস্ত্র প্রযুক্তি উন্নয়নে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। ইউরোপীয় ইউনিয়নও ইউক্রেনকে নতুন সহায়তা এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও কঠোর করার মাধ্যমে সমর্থন অব্যাহত রেখেছে।
আরবিএন