ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, কোনো রাজনৈতিক পরিচয় অপরাধের দায়মুক্তি দিতে পারে না। দলের কেউ অপরাধে জড়ালে তার বিরুদ্ধে আইন আরও কঠোরভাবে প্রয়োগ করা হবে। মঙ্গলবার (১২ মে) চট্টগ্রামের হাটহাজারী পৌরসভা প্রাঙ্গণে অতিদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ (চাল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার একটি অপরাধমুক্ত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছে। বিশেষ করে হাটহাজারী ও বায়েজিদ এলাকাকে যেকোনো মূল্যে অপরাধমুক্ত রাখা হবে। তিনি বলেন, দলের অবস্থান পরিষ্কার, অপরাধীর কোনো দল নেই। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কর্মকাণ্ডে কেউ জড়িত হলে কোনো ছাড় দেওয়া হবে না।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, আন্দোলনের দোহাই দিয়ে কেউ যদি অপরাধে জড়ায়, তবে সাধারণ নাগরিকদের তুলনায় তাদের বিরুদ্ধে আইন ১০ গুণ বেশি কঠোরভাবে প্রয়োগের জন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানাবেন।
তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ করে বলেন, কোনো ধরনের তদবির গ্রহণ করা যাবে না। অপরাধী যে-ই হোক, আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। কেউ তার পক্ষ নিয়ে সুপারিশ করলে তা সরাসরি জানানোরও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ভিজিএফ চাল বিতরণের পাশাপাশি শীলছড়ি সড়ক উন্নয়ন, স্মার্ট এলইডি সড়কবাতি প্রকল্প, ছোট কাঞ্চনপুর সড়ক উন্নয়ন এবং বিভিন্ন সেতু ও কালভার্ট উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরবিএন