পলকের হাড় ভাঙেনি, রিপোর্টে মিলল ভিন্ন সমস্যা

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের হাড় ভেঙে যাওয়া বা কোমরের হাড় সরে যাওয়ার যে দাবি

2026-05-12T21:06:11+00:00
2026-05-12T21:09:03+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
আইন-আদালত
পলকের হাড় ভাঙেনি, রিপোর্টে মিলল ভিন্ন সমস্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৯:০৬ পিএম  আপডেট: ১২.০৫.২০২৬ ৯:০৯ পিএম
সংগৃহীত ছবি
সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের হাড় ভেঙে যাওয়া বা কোমরের হাড় সরে যাওয়ার যে দাবি তার আইনজীবীরা করেছিলেন, এমআরআই রিপোর্টে তার কোনো সত্যতা পাওয়া যায়নি। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে করা পরীক্ষার প্রতিবেদনে দেখা গেছে, পলকের মেরুদণ্ডের হাড় সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় রয়েছে।

মঙ্গলবার (১২ মে) প্রকাশিত এই প্রতিবেদনে কোথাও হাড় ভাঙা কিংবা হাড় সরে যাওয়ার মতো কোনো গুরুতর জখমের উল্লেখ নেই। মূলত ২৯ এপ্রিল এই এমআরআই পরীক্ষা সম্পন্ন হয়েছিল, যার বিস্তারিত তথ্য এখন সামনে এসেছে।

চিকিৎসা প্রতিবেদনে হাড়ের কোনো বড় ক্ষতি না পাওয়া গেলেও কোমর ও ঘাড়ে কিছু ডিস্কজনিত সমস্যা ধরা পড়েছে। চিকিৎসকদের দেওয়া তথ্যমতে, পলকের কোমরের এল২-এল৩ ও এল৩-এল৪ এবং ঘাড়ের সি৫-সি৬ ও সি৬-সি৭ অংশে ‘ডিস্ক বাল্জ’ বা ডিস্ক ফুলে ওঠার সমস্যা শনাক্ত হয়েছে। 

সাধারণত বয়স, শারীরিক চাপ বা দীর্ঘদিনের সমস্যার কারণে মেরুদণ্ডের হাড়ের মাঝখানের নরম অংশ ফুলে উঠলে একে ডিস্ক বাল্জ বলা হয়। তবে এই সমস্যার কারণে তার স্নায়ু বা স্পাইনাল কর্ডে বড় ধরনের কোনো জটিলতা তৈরি হয়নি বলে রিপোর্টে নিশ্চিত করা হয়েছে।

শারীরিক অন্যান্য পরীক্ষার মধ্যে পলকের হৃদযন্ত্রের অবস্থাও পর্যবেক্ষণ করা হয়েছে। ইকোকার্ডিওগ্রাফি রিপোর্টে দেখা গেছে, তার হার্ট বা হৃদযন্ত্র স্বাভাবিকভাবে কাজ করছে এবং সেখানে কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি। 

চিকিৎসকদের মতে, তার বর্তমান শারীরিক সমস্যাগুলো মূলত মেরুদণ্ডের ডিস্ক এবং মাংসপেশিসংক্রান্ত। এই ধরনের সমস্যার জন্য সাধারণত দীর্ঘমেয়াদি বিশ্রামের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ এবং নিয়মিত ফিজিওথেরাপির পরামর্শ দেওয়া হয়ে থাকে। অস্ত্রোপচার বা জটিল কোনো চিকিৎসার প্রয়োজনীয়তা এই রিপোর্টে উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে প্রিজন ভ্যানে করে কারাগারে ফেরার পথে ঘাড়ে আঘাত পাওয়ার কথা জানিয়েছিলেন জুনাইদ আহমেদ পলক। পরবর্তীতে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি আদালতে উন্নত চিকিৎসার আবেদন জানালে ২৬ এপ্রিল তার এমআরআই করানোর অনুমতি দেওয়া হয়। 

এর আগে পলকের অপর এক আইনজীবী তরিকুল ইসলাম দাবি করেছিলেন, সাবেক প্রতিমন্ত্রীর ঘাড়ের দুটি ও কোমরের তিনটি হাড় সরে গেছে, যা বর্তমান প্রতিবেদনের তথ্যের সঙ্গে সাংঘর্ষিক। বর্তমানে তিনি কারাগারেই রয়েছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: