রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদ্‌যন্ত্রে ধমনীতে ব্লক ধরা পড়ার পর জরুরি ভিত্তিতে সফলভাবে এনজিওপ্লাস্টি সম্পন্ন করা হয়েছে এবং একটি স্টেন্ট বা

2026-05-12T23:48:19+00:00
2026-05-12T23:49:35+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১১:৪৮ পিএম  আপডেট: ১২.০৫.২০২৬ ১১:৪৯ পিএম
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদ্‌যন্ত্রে ধমনীতে ব্লক ধরা পড়ার পর জরুরি ভিত্তিতে সফলভাবে এনজিওপ্লাস্টি সম্পন্ন করা হয়েছে এবং একটি স্টেন্ট বা রিং স্থাপন করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল ও সন্তোষজনক রয়েছে বলে নিশ্চিত করেছে বঙ্গভবনের প্রেস উইং। 

মঙ্গলবার (১২ মে) রাতে রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি এখন হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। যুক্তরাজ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলাকালীন এই শারীরিক জটিলতা ধরা পড়লে তাৎক্ষণিকভাবে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে এই অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।

যুক্তরাজ্যের ক্যামব্রিজে অবস্থিত বিশ্ববিখ্যাত রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টিফেন হোলির তত্ত্বাবধানে মঙ্গলবার দুপুরে রাষ্ট্রপতির এনজিওগ্রাম সম্পন্ন হয়। পরীক্ষার এক পর্যায়ে তার হৃদ্‌যন্ত্রের একটি প্রধান ধমনিতে উল্লেখযোগ্য মাত্রার ব্লক শনাক্ত হয়। 

চিকিৎসকরা ঝুঁকি এড়াতে কালক্ষেপণ না করে সেখানেই এনজিওপ্লাস্টি করার সিদ্ধান্ত নেন এবং সফলভাবে একটি রিং প্রতিস্থাপন করেন। যুক্তরাজ্যে অবস্থানরত রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল ডা. এ কে এম ফয়জুল হক বঙ্গভবনকে জানিয়েছেন, অস্ত্রোপচার পরবর্তী সময়ে রাষ্ট্রপতির শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে এবং তিনি চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে বিশ্রাম নিচ্ছেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আগে থেকেই হৃদ্‌যন্ত্রের জটিলতা ছিল। এর আগে ২০২৩ সালের অক্টোবর মাসে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তার একটি সফল ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছিল। পরবর্তীতে সেই অস্ত্রোপচারের ফলো-আপ চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি ক্যামব্রিজের রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালের শরণাপন্ন হন। 

গত ৯ মে তিনি চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনের পথে ঢাকা ত্যাগ করেছিলেন। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী চিকিৎসা শেষে আগামী ১৮ মে তার দেশে ফেরার কথা রয়েছে। অসুস্থতার সংবাদ পাওয়ার পর রাষ্ট্রপতি তার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

বঙ্গভবন সূত্রে জানানো হয়েছে, রাষ্ট্রপতির এই চিকিৎসা প্রক্রিয়া অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তার স্বাস্থ্যগত উন্নতির ধারা অব্যাহত রয়েছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণের সময়কাল শেষ হলে তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পাবেন এবং ফেরার প্রস্তুতি নেবেন। 

রাষ্ট্রের প্রধান অভিভাবকের এই আকস্মিক অসুস্থতা ও সফল চিকিৎসার বিষয়টি নিয়ে তার কার্যালয় সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। উন্নত প্রযুক্তি ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে রাষ্ট্রপতির সুচিকিৎসা নিশ্চিত করা হচ্ছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: