ইসলামী আন্দোলনেও আসছে ‘ছাত্রী উইং’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

দেশের রাজনৈতিক অঙ্গনে নারী ও তরুণ ভোটারদের গুরুত্ব বাড়ছে। সেই বাস্তবতায় এবার নতুন সাংগঠনিক পথে হাঁটছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রথমবারের

2026-05-13T11:16:28+00:00
2026-05-13T11:16:28+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
ইসলামী আন্দোলনেও আসছে ‘ছাত্রী উইং’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১১:১৬ এএম 
প্রতীকী ছবি
দেশের রাজনৈতিক অঙ্গনে নারী ও তরুণ ভোটারদের গুরুত্ব বাড়ছে। সেই বাস্তবতায় এবার নতুন সাংগঠনিক পথে হাঁটছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রথমবারের মতো নারী শিক্ষার্থীদের জন্য আলাদা ‘ছাত্রী উইং’ গঠনের উদ্যোগ নিয়েছে দলটি।

দলীয় সূত্র বলছে, ঈদুল আজহার পর আনুষ্ঠানিকভাবে নতুন এই সংগঠনের ঘোষণা আসতে পারে। ইতোমধ্যে সাংগঠনিক কাঠামো, নেতৃত্ব ও কার্যপরিধি নিয়ে ভেতরে আলোচনা শুরু হয়েছে।

সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচন পর্যালোচনা করে ইসলামী আন্দোলনের নেতারা মনে করছেন, নারী ভোটার ও তরুণ শিক্ষার্থীদের মধ্যে তাদের সাংগঠনিক উপস্থিতি আরও বাড়ানো প্রয়োজন। বিশেষ করে ক্যাম্পাসভিত্তিক রাজনীতিতে ইসলামপন্থী দলগুলোর সক্রিয়তা নতুনভাবে মূল্যায়ন করা হচ্ছে।

দলটির পর্যবেক্ষণে উঠে এসেছে, প্রচলিত মহিলা ইউনিটের মাধ্যমে নারী শিক্ষার্থীদের কাছে প্রত্যাশিতভাবে পৌঁছানো সম্ভব হচ্ছে না। ফলে আলাদা প্ল্যাটফর্ম তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নারী শিক্ষার্থী ও তরুণ ভোটারদের সংগঠিত করতে জামায়াতে ইসলামীর দীর্ঘদিনের সাংগঠনিক কাঠামো অন্য ইসলামপন্থী দলগুলোর নজরে এসেছে। বিশেষ করে নির্বাচনী রাজনীতিতে নারী ও ছাত্রী সংগঠনের সক্রিয়তা ইসলামী আন্দোলনের অভ্যন্তরেও নতুন ভাবনার জন্ম দিয়েছে।

এ কারণেই নারী শিক্ষার্থীদের নিয়ে পৃথক ইউনিট গঠনের বিষয়টি দলটির নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্ব পেয়েছে বলে জানা গেছে।

দলীয় পরিকল্পনা অনুযায়ী, নতুন ছাত্রী উইং ইসলামী ছাত্র আন্দোলনের মতোই মূল দলের অধীনে স্বতন্ত্র ইউনিট হিসেবে পরিচালিত হবে। শুরুতে আহ্বায়ক কমিটি গঠন করা হতে পারে।
আরও পড়ুন

সংগঠনটিতে আলেমা, শিক্ষক, চিকিৎসক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিভাগ, জেলা, ক্যাম্পাস ও থানা পর্যায়েও সাংগঠনিক কাঠামো গড়ে তোলার চিন্তা করছে দলটি।

দলীয় নেতাদের ভাষ্য, এই উদ্যোগ কেবল নির্বাচনী রাজনীতির জন্য নয়। বরং নারী শিক্ষার্থীদের মধ্যে ইসলামী মূল্যবোধ, সামাজিক নেতৃত্ব, দাওয়াহ কার্যক্রম ও সাংগঠনিক দক্ষতা তৈরির লক্ষ্যও রয়েছে।

তবে সংগঠনটি মাঠের রাজনৈতিক কর্মসূচিতে কতটা সক্রিয় হবে, নাকি মূলত সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সীমাবদ্ধ থাকবে- তা নিয়ে দলটির ভেতরে আলোচনা চলছে।

দীর্ঘদিন ধরে ইসলামপন্থী দলগুলোর বিরুদ্ধে নারী অংশগ্রহণ নিয়ে সমালোচনা রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নতুন ছাত্রী উইং গঠনের মাধ্যমে সেই ধারণা পরিবর্তনের চেষ্টাও করছে ইসলামী আন্দোলন।

দলটির নেতারা মনে করছেন, নারী শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়লে সংগঠনের গ্রহণযোগ্যতা এবং রাজনৈতিক বিস্তার দুটোই বাড়বে।

দলীয় সূত্র জানায়, আসন্ন কেন্দ্রীয় সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। পরে দলের আমিরের অনুমোদন সাপেক্ষে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে।

এএডি/


  বিষয়:   ইসলামী আন্দোলন  ছাত্রী উইং  ইসলামী আন্দোলন বাংলাদেশ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: