সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত এলাকায় গভীর রাতে চোরাকারবারিদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশীয় অস্ত্র নিয়ে বিজিবি টহল দলের ওপর হামলার অভিযোগ উঠেছে চোরাকারবারিদের বিরুদ্ধে।
মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে উপজেলার বাঁশতলা ইসলামপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা ফাঁকা গুলিবর্ষণ ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় নিয়মিত টহলের সময় সন্দেহভাজন গরু চোরাকারবারিদের একটি দলকে চ্যালেঞ্জ করা হয়। এ সময় তারা দেশীয় অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের লক্ষ্য করে হামলার চেষ্টা চালায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা এক রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছোড়ে এবং একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে চোরাকারবারিরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।
আরও পড়ুন
অভিযান শেষে সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে ভারত থেকে আনা পাঁচটি গরু জব্দ করা হয়। তবে এ ঘটনায় কোনও বিজিবি সদস্য আহত হননি বলে জানিয়েছে বাহিনীটি।
সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
তিনি বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।
স্থানীয় সূত্রগুলো বলছে, দোয়ারাবাজার সীমান্ত দিয়ে মাঝে মধ্যেই গরু ও অন্যান্য পণ্যের চোরাচালানের চেষ্টা হয়। গভীর রাতে এসব তৎপরতা বাড়ে বলেও অভিযোগ রয়েছে।
এএডি/