২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ আরও ৯৬ জন নিয়োগবঞ্চিত প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১৩ মে) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর সুপারিশের ভিত্তিতে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের আগামী ১৮ মের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে। তবে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগ থেকে পরবর্তী কোনো নির্দেশনা না পেলে ওই তারিখেই যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে সংশ্লিষ্ট ব্যক্তি চাকরিতে যোগদান করতে অনিচ্ছুক বলে গণ্য হবেন এবং তার নিয়োগ বাতিল হবে।
এতে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্তদের জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখতে তাদের ব্যাচের প্রথম নিয়োগপ্রাপ্তদের যে তারিখে নিয়োগ প্রজ্ঞাপন জারি হয়েছিল, সেই তারিখ থেকেই ভূতাপেক্ষিকভাবে নিয়োগ কার্যকর হবে। একই সঙ্গে ব্যাচের প্রথম নিয়োগপ্রাপ্তদের যোগদানের তারিখ থেকে তাদের ধারণাগত জ্যেষ্ঠতাও বহাল থাকবে। তবে এ কারণে তারা কোনো বকেয়া আর্থিক সুবিধা পাবেন না।
উল্লেখ্য, ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় ৩ হাজার ৫৬৭ জন উত্তীর্ণ হন। পরে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ওই মৌখিক পরীক্ষার ফল বাতিল করে পুনরায় মৌখিক পরীক্ষা নেয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে উত্তীর্ণ প্রার্থীরা রিট আবেদন করেন। ২০০৮ সালের ৩ জুলাই হাইকোর্ট প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলকে বৈধ ঘোষণা করেন। পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন রিট আবেদনকারীরা।
সবশেষে গত বছরের ২০ ফেব্রুয়ারি নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জনকে নিয়োগ দেওয়ার নির্দেশ দেন আপিল বিভাগ। এর ধারাবাহিকতায় গত ১৮ ডিসেম্বর ৬৭৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।
আরবিএন