সন্ত্রাস বিরোধ আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর ব্যক্তিগত হাজিরা থেকে মওকুফ দিয়েছেন আদালত। বুধবার (১৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই তৌফিক হাসান আদালতে প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য আগামী ২৪ জুলাই প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
এর আগে লতিফ সিদ্দিকীর পক্ষে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে আদালত আসামি লতিফ সিদ্দিকীর ব্যক্তিগত হাজিরা মওকুফ করেন।
এসময় বিচারকের উদ্দেশ্যে লতিফ সিদ্দিকী বলেছেন, এভাবে বিচারব্যবস্থা চলতে পারে না। গত ৬ মাস আগে এই মামলায় আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার জন্য আবেদন করা হয়েছিল। আজ এই আদেশ দিলেন। আমি আদালতে আসব, হাজিরা দেব। আমার আসতে ভালো লাগে, অভ্যাস হয়ে গেছে।
এসময় বিচারক বলেন, সেটি আপনার ইচ্ছে। আপনার আবেদন মঞ্জুর করা হয়েছে। পরে হাজিরা দিয়ে হাসিমুখে আদালত ছাড়েন লতিফ সিদ্দিকী।
এ বিষয়ে লতিফ সিদ্দিকীর আইনজীবী গোলাম রাব্বানী বলেছেন, এই মামলায় তার ব্যক্তিগত হাজিরা মওকুফের আবেদন করা হয়েছিল। আদালত এই আবেদন মঞ্জুর করেছেন। তবে লতিফ সিদ্দিকী আদালতকে বলেছেন, তিনি সশরীরে আদালতে এসে হাজিরা দেবেন।
গত বছরের ২৮ অগাস্ট বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির একটি প্রোগ্রাম থেকে লতিফ সিদ্দিকী, সাংবাদিক পান্নাসহ ১৬ জনকে আটক করা হয়। পরদিন শাহবাগ থানার সন্ত্রাস বিরোধ আইনের গ্রেফতার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।
আরবিএন