চাঁদপুর শহরের বিভিন্ন সড়কে গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন ও পৌরসভা।
বুধবার ( ১৩ মে ) দুপুরে যৌথভাবে বিভিন্ন খাবারের হোটেল ও ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খিসা এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিপংকর বাড়ৈ।
প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে সড়কের পাশে অবৈধ দোকান ও অস্থায়ী স্থাপনা গড়ে ওঠায় যান চলাচল ও পথচারীদের চলাফেরায় বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সড়কের পাশের অবৈধ দোকান, টংঘর ও অন্যান্য স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশ ও স্বাস্থ্যবিধি না মানার দায়ে একটি খাবারের হোটেলকে ২০ হাজার টাকা এবং একটি দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসন ও পৌরসভা জানিয়েছে, শহরের সৌন্দর্য রক্ষা, যানজট নিরসন এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
/এসএকে