কর্মক্ষেত্রে প্রেমে জড়াচ্ছেন ৬০ শতাংশেরও বেশি মানুষ 

সময়ের আলো ডেস্ক

ফিচার

শহরের ব্যস্ত কর্মজীবনে অফিস এখন শুধু কাজের জায়গা নয়, অনেকের জন্য সম্পর্ক গড়ে ওঠারও একটি গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠেছে। সকাল

2026-05-13T18:13:23+00:00
2026-05-13T18:15:10+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
ফিচার
কর্মক্ষেত্রে প্রেমে জড়াচ্ছেন ৬০ শতাংশেরও বেশি মানুষ 
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৬:১৩ পিএম  আপডেট: ১৩.০৫.২০২৬ ৬:১৫ পিএম
সংগৃহীত ছবি
শহরের ব্যস্ত কর্মজীবনে অফিস এখন শুধু কাজের জায়গা নয়, অনেকের জন্য সম্পর্ক গড়ে ওঠারও একটি গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একসঙ্গে কাজ করা, চাপ সামলানো, কফি বিরতি বা সাফল্যের মুহূর্ত ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে সহকর্মীদের মধ্যে ধীরে ধীরে ঘনিষ্ঠতা তৈরি হচ্ছে। সেই ঘনিষ্ঠতা কখনো কখনো রূপ নিচ্ছে প্রেমে।

একই অফিসে দীর্ঘ সময় কাটাতে কাটাতে পেশাদার সম্পর্কের ভেতরেই অনেক সময় ব্যক্তিগত টান তৈরি হয়, যা ধীরে ধীরে ভালো লাগা থেকে নির্ভরতায় রূপ নেয়। বিশেষজ্ঞদের মতে, বর্তমান সময়ে কর্মক্ষেত্রে সম্পর্ক বা অফিস প্রেম আগের তুলনায় অনেক বেশি সাধারণ হয়ে উঠেছে।

সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ৬০ শতাংশেরও বেশি কর্মজীবী জীবনের কোনো না কোনো সময়ে সহকর্মীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। এর মধ্যে প্রায় ৪৩ শতাংশ সম্পর্ক পরবর্তীতে বিয়েতে গড়িয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এখন মানুষের বড় একটি অংশ দিনের অধিকাংশ সময় কর্মস্থলে কাটান। ফলে বাইরের সামাজিক যোগাযোগ কমে যাচ্ছে এবং সহকর্মীদের মধ্যেই কাছাকাছি আসার সুযোগ তৈরি হচ্ছে।

প্রায় ৬৫ শতাংশ কর্মী জানিয়েছেন, দীর্ঘ সময় একসঙ্গে কাজ করতে করতে সহকর্মীর প্রতি বিশ্বাস ও মানসিক নিরাপত্তা তৈরি হয়, যা সম্পর্ক গড়ে ওঠার অন্যতম ভিত্তি। তবে অফিসের সম্পর্ক সবসময় সহজ নয়। প্রায় ৫৭ শতাংশ কর্মী মনে করেন, এ ধরনের সম্পর্ক তাদের কাজের পারফরম্যান্সে প্রভাব ফেলে। কারও ক্ষেত্রে এটি ইতিবাচক হলেও, কারও ক্ষেত্রে ব্যক্তিগত টানাপোড়েন কাজের পরিবেশে অস্বস্তি তৈরি করে।

আরও প্রায় ৫২ শতাংশ কর্মী জানিয়েছেন, সম্পর্কের কারণে অফিসে আচরণে পরিবর্তন আসে, বেড়ে যায় গুজব, ঈর্ষা ও কানাঘুষা। এতে কর্মপরিবেশ অনেক সময় জটিল হয়ে পড়ে। এছাড়া প্রায় ৩৫ শতাংশ কর্মী তাদের সম্পর্ক অফিস কর্তৃপক্ষের কাছে প্রকাশ করেন না, চাকরির ঝুঁকি এবং ব্যক্তিগত গোপনীয়তার কারণে।

একজন তরুণী জানান, সহকর্মীর সঙ্গে কাজ করতে করতে ধীরে ধীরে তার প্রতি ভালো লাগা তৈরি হয়। একসঙ্গে লাঞ্চ, চা-বিরতি এবং কাজের বাইরের কথোপকথনই তাদের ঘনিষ্ঠ করে তোলে। অন্যদিকে একজন তরুণ, যিনি সহকর্মীকেই বিয়ে করেছেন, বলেন, শুরুতে সহকর্মীদের মধ্যে বিষয়টি নিয়ে মজা থাকলেও পরে সম্পর্ক বাস্তবে রূপ নেয়। এখন তারা একই অফিসে কাজ করছেন এবং দাম্পত্য জীবনও ভালোভাবে চলছে।

বিশেষজ্ঞদের মতে, যেখানে মানুষ বেশি সময় কাটায়, সেখানেই সম্পর্ক তৈরি হওয়া স্বাভাবিক। তবে অফিসের সম্পর্ক যেন কর্মপরিবেশ, পেশাদারিত্ব এবং অন্যদের স্বস্তি নষ্ট না করে, সে বিষয়েও সতর্ক থাকা জরুরি। কারণ কর্মক্ষেত্রের প্রেম শুধু ব্যক্তিগত বিষয় নয়, এটি অনেক সময় পুরো অফিসের পরিবেশকেও প্রভাবিত করে।

আরবিএন 


  বিষয়:   কর্মক্ষেত্র  প্রেম 


Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: