নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া রেলস্টেশন থেকে সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলা পর্যন্ত রেললাইন সম্প্রসারণের আশ্বাস দিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেছেন, এলাকার উন্নয়ন এবং রেল ব্যবস্থার সম্প্রসারণের লক্ষ্যে প্রয়োজনীয় সমীক্ষা, জমি অধিগ্রহণ ও অন্যান্য জটিলতা সমাধান করে প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া হবে।
বুধবার (১৩ এপ্রিল) বিকেলে জারিয়া রেলস্টেশন এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের মানুষের উন্নয়নে কাজ করছে। দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ করা হলে সীমান্তবর্তী এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডও বাড়বে। দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের এই দাবি ছিল বলেও উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, মাঠপর্যায়ে সব ধরনের সমীক্ষা চালিয়ে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। জমি অধিগ্রহণসহ বিভিন্ন সমস্যার সমাধান করেই কাজ এগিয়ে নেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, রেল সচিব ফাহিমুল ইসলাম, রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন, রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় রেল কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, জারিয়া রেলস্টেশনটি প্রায় ১০৮ বছর আগে নির্মিত হয়েছিল। এরপর দীর্ঘ সময় এই অঞ্চলে রেলের তেমন কোনো উন্নয়ন হয়নি। তিনি আশা প্রকাশ করেন, রেল প্রতিমন্ত্রীর এই সফরের মাধ্যমে দীর্ঘদিন ধরে থেমে থাকা উন্নয়ন কাজ আবারও গতি পাবে। তিনি বলেন, জারিয়া থেকে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ করা হলে দুর্গাপুর, কলমাকান্দাসহ আশপাশের উপজেলার মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং এলাকার সার্বিক উন্নয়ন বাড়বে।
আরবিএন