মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) দেশের বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের চলতি মে মাসের বেতন এবং আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উৎসব ভাতার বিল দ্রুত জমা দেওয়ার বিশেষ নির্দেশনা জারি করেছে।
বুধবার (১৩ মে) মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) বিভাগ থেকে এই সংক্রান্ত তথ্য নিশ্চিত করা হয়েছে।
মূলত আসন্ন ধর্মীয় উৎসবের আগে শিক্ষক-কর্মচারীরা যাতে সময়মতো তাদের পাওনা অর্থ হাতে পান, তা নিশ্চিত করতেই এই ত্বরিত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে অধিদফতর সূত্রে জানা গেছে।
মাউশির ইএমআইএস বিভাগের প্রোগ্রামার মো. জহির উদ্দিন জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট বিল দাখিলের জন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানপ্রধানদের জন্য উৎসব ভাতার বিল সাবমিট করার সময়সীমা আজ ১৩ মে পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, চলতি মে মাসের নিয়মিত বেতনের বিল জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার (১৪ মে) থেকে। এই সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চিঠি আজই জারি করা হবে বলে সংশ্লিষ্ট বিভাগ থেকে জানানো হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতিষ্ঠানপ্রধানরা তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএস সিস্টেমের মাধ্যমে প্রতিটি শিক্ষক-কর্মচারীর প্রাপ্য অর্থ সঠিকভাবে নির্ধারণ করবেন। এক্ষেত্রে উৎসব ভাতা ও মে মাসের বেতনের জন্য আলাদা আলাদাভাবে বিল দাখিল করতে হবে। অধিদফতর থেকে পাঠানো এই বার্তায় কোনো ধরনের ভুল বা বিলম্ব ছাড়াই নির্ভুলভাবে তথ্য প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়েছে যাতে তহবিল ছাড়ের প্রক্রিয়াটি কোনো বাধার সম্মুখীন না হয়।
শিক্ষা মন্ত্রণালয় ও মাউশির এই উদ্যোগের ফলে সারা দেশের হাজার হাজার এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীর মধ্যে স্বস্তি ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। সাধারণত উৎসবের আগে বেতন-ভাতা নিয়ে জটিলতা তৈরি হলেও এবার আগেভাগেই বিল জমা নেওয়ার প্রক্রিয়া শুরু করায় শিক্ষক সংগঠনগুলো সন্তোষ প্রকাশ করেছে।
নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠানপ্রধানদের বিল দাখিলের পর তা সংশ্লিষ্ট মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের অনুমোদনের মাধ্যমে চূড়ান্ত পেমেন্ট অর্ডারের জন্য পাঠানো হবে।
সময়ের আলো/টিএইচ