নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের আরও এক সদস্য মারা গেছে। বুধবার (১৩ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ৪ বছর বয়সী শিশু কথা। এর আগে গত সোমবার তার বাবা মীর কালাম (৩৫) মারা যান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, শিশু কথা’র শ্বাসনালীসহ শরীরের ৫২ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে একই ঘটনায় দগ্ধ সায়মা ৬০ শতাংশ, মুন্না ৩০ শতাংশ এবং মুন্নি ৩৫ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানান তিনি।
গত রোববার (১০ মে) সকাল ৭টার দিকে ফতুল্লার গিরিধারা এলাকার গ্রাম বাংলা টাওয়ারসংলগ্ন একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, সবজি বিক্রেতা মো. কালাম (৩৫), তার স্ত্রী সায়মা (৩২), ছেলে মুন্না (১২) এবং দুই মেয়ে কথা (৪) ও মুন্নি (৭)।
তাদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. হাসান জানান, সকালে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে দেখেন ঘরের ভেতরে আগুন জ্বলছে। পরে ভেতর থেকে দগ্ধ অবস্থায় পরিবারের সদস্যদের উদ্ধার করে দ্রুত বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
দগ্ধ পরিবারের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার বালুকদিয়া গ্রামে।
আরবিএন