চট্টগ্রামের রাউজানে অগ্নিকাণ্ডে ৭টি গরুসহ ৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতের দিকে রাউজানের সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মঙ্গলখালী গ্রামের নোয়া মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন আবুল কালাম, সামশুল আলম, ফজলুর রহমান, আবদুর রহমান, হাবিবুর রহমান ও আবু তাহের। অগ্নিকাণ্ডে আবুল কালামের কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত করা দুটি গরুসহ মোট ৭টি গরু পুড়ে মারা যায়।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গভীর রাতে গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য দেওয়া কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে।
এতে একে একে পাঁচটি ঘর ও একটি ঘরের রান্নাঘর সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্তদের দাবি, এ ঘটনায় অন্তত ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রাউজান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শামছুল আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে তাদের পৌঁছানোর আগেই সবকিছু পুড়ে যায় তিনি জানান।
/এসএকে