পঞ্চমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে লালগালিচায় বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। এবারের আসরে ঝলমলে রুপালি পোশাকে হাজির হয়ে নজর কাড়েন এই বলিউড অভিনেত্রী।
আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত ছবি ও প্রতিবেদনে দেখা যায়, গ্লিটারিং সিলভার কউচার গাউন, ভারী অলংকার ও ব্যতিক্রমী হেডগিয়ারে নিজেকে উপস্থাপন করেছেন তিনি।
ভারতীয় এক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ১২ মে শুরু হওয়া কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী আয়োজনে অংশ নেন উর্বশী। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই মঞ্চে ভারতকে প্রতিনিধিত্ব করা তার জন্য গর্বের বিষয়। আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে পারা সবসময়ই তার কাছে বিশেষ অনুভূতির। টানা পঞ্চমবারের মতো কানে অংশ নিয়ে গর্বের কথাও জানান উর্বশী।
তিনি বলেন, ‘আমি খুব গর্ব অনুভব করি, সবসময়ই আমার দেশকে সেরা উপায়ে প্রতিনিধিত্ব করার চেষ্টা করেছি।’
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এটি কান চলচ্চিত্র উৎসবে উর্বশীর টানা পঞ্চম উপস্থিতি। ২০২২ সালে প্রথমবার এই উৎসবে যোগ দেওয়ার পর থেকে প্রায় প্রতি বছরই ভিন্নধর্মী পোশাক ও সাজে আলোচনায় এসেছেন তিনি।
অভিনয়ের চেয়ে সাম্প্রতিক ফ্যাশন স্টেটমেন্ট ও আন্তর্জাতিক রেড কার্পেটে উপস্থিতির কারণেই বেশি আলোচনায় থাকেন উর্বশী। এবারের কান উপস্থিতিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। কেউ তার সাহসী ফ্যাশন সেন্সের প্রশংসা করেছেন, আবার কেউ অতিরঞ্জিত সাজ বলে সমালোচনাও করেছেন। তবে বরাবরের মতোই নিজের উপস্থিতি দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছেন তিনি।
এবারের কান চলচ্চিত্র উৎসবে উর্বশী রাউতেলা ছাড়াও ভারত থেকে অংশ নিচ্ছেন আরও কয়েকজন তারকা। তাদের মধ্যে রয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, আলিয়া ভাট, অদিতি রাও হায়দারি, তারা সুতারিয়া, মৌনি রায় এবং নির্মাতা করণ জোহর।
এ ছাড়া পাঞ্জাবি অভিনেতা অ্যামি ভির্কেরও এবারের আসরে অংশ নেওয়ার কথা রয়েছে।
সময়ের আলো/জেডি