আসন্ন ১৯ মে ফেডারেশন কাপের মেগা ফাইনালে মুখোমুখি হবে দেশের দুই শক্তিশালী দল বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে শিরোপা নির্ধারণী এই ম্যাচটি কিংস অ্যারেনায় আয়োজন নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা।
বসুন্ধরার ঘরের মাঠ হিসেবে পরিচিত এই ভেন্যুতে খেলতে সরাসরি অস্বীকৃতি জানিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) চিঠি দিয়েছে মোহামেডান কর্তৃপক্ষ।
বাফুফেতে পাঠানো চিঠিতে মোহামেডান স্পষ্ট জানিয়েছে, ফাইনালের মতো গুরুত্বপূর্ণ একটি ম্যাচ কোনো দলের হোম ভেন্যুতে হওয়া যুক্তিযুক্ত নয়। ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়ার স্বাক্ষরিত ওই পত্রে দাবি করা হয়েছে, টুর্নামেন্টের মর্যাদা রক্ষায় এবং সমর্থকদের প্রত্যাশা পূরণে একটি নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচটি আয়োজন করা হোক।
মোহামেডানের মতে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং উৎসবমুখর ফাইনালের জন্য মাঠের নিরপেক্ষতা বজায় রাখা জরুরি।
কিংস অ্যারেনায় না খেলার পেছনে ক্লাবটি তাদের আগের কিছু ‘তিক্ত অভিজ্ঞতার’ কথা তুলে ধরেছে।
চিঠিতে উল্লেখ করা হয়, বিগত প্রিমিয়ার লিগের ম্যাচগুলোতে সেখানে মোহামেডানের ফুটবলার ও সমর্থকদের ওপর মারমুখী এবং বিরূপ আচরণের ঘটনা ঘটেছে। এই অনিরাপদ পরিবেশের কথা এর আগেও বাফুফেকে দুই দফা জানানো হয়েছিল। মূলত সেই অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি এড়াতেই এবার কঠোর অবস্থানে ঐতিহ্যবাহী সাদা-কালো শিবির।
ভেন্যু নিয়ে ক্লাবটির অনড় অবস্থানের কথা নিশ্চিত করেছেন দলটির টিম ম্যানেজার ইমতিয়াজ আহমেদ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বসুন্ধরা কিংসের মাঠে তারা কোনোভাবেই ফাইনালে নামবেন না। এমনকি নিজেদের হোম ভেন্যু কুমিল্লাতেও ম্যাচটি আয়োজনের পক্ষপাতী নন তারা। নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রয়োজনে গাজীপুর, মুন্সীগঞ্জ কিংবা মানিকগঞ্জে ফাইনাল আয়োজনের প্রস্তাব দিয়েছেন তিনি।
আরও পড়ুন
তার মতে, অন্য কোনো দলের বিপক্ষে খেলা হলে কিংস অ্যারেনায় আপত্তি থাকত না, কিন্তু প্রতিপক্ষ যখন স্বয়ং বসুন্ধরা, তখন তাদের মাঠে খেলা কোনোভাবেই কাম্য নয়।
এখন পর্যন্ত মোহামেডানের এই চিঠির প্রেক্ষিতে বাফুফে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া জানায়নি। ফুটবলপ্রেমীদের চোখ এখন ফুটবল ফেডারেশনের দিকে। ভেন্যু সংকটের সমাধান করে তারা কি পারবে সময়মতো ফাইনাল আয়োজন করতে?
সময়ের আলো/জেডি