চট্টগ্রামের মিরসরাইয়ে প্রতিবেশীর সঙ্গে দেখা করতে যাওয়ার পথে বাসের চাকায় পিষ্ট হয়ে আজমা বেগম সিরাজী (৬০) নামে এক পথচারী নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ মে) রাত সাড়ে ৯টার দিকে বারইয়ারহাট-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের বারইয়ারহাট পৌর বাজার এলাকার বিএম হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজমা বেগম সিরাজী ফেনী পৌর সদরের দক্ষিণ চড়ীপুর এলাকার বাসিন্দা। তিনি স্বামী ইফতেখার আহমেদকে নিয়ে দীর্ঘদিন ধরে বারইয়ারহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কদমতলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন বাসায় ওঠার পর পুরোনো প্রতিবেশীদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন আজমা বেগম। এ সময় বিএম হাসপাতালের সামনে দ্রুতগতির একটি শান্তি পরিবহন বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মস্তাননগর হাসপাতালে পাঠায়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
/এসএকে