ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বৌদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে বর্ণাঢ্য আয়োজনে ‘১ম বুদ্ধিস্ট কালচারাল ফেস্ট’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) টিএসসি প্রাঙ্গণ ও অডিটোরিয়ামে পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ এবং সেন্টার ফর বুদ্ধিস্ট হেরিটেজ এন্ড কালচারের যৌথ উদ্যোগে এই উৎসব সম্পন্ন হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বৌদ্ধ সংস্কৃতি আমাদের সমাজে নৈতিকতা, শান্তি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বৌদ্ধ দর্শন ও সাহিত্য সম্পর্কে আগ্রহ বৃদ্ধি করবে। তিনি আশা প্রকাশ করেন, এই ফেস্টিভ্যাল কেবল একটি আনুষ্ঠানিক আয়োজন হিসেবেই যেন সীমাবদ্ধ না থাকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, সংস্কৃতি একটি জাতির আত্মা এবং বৌদ্ধ ঐতিহ্যের ঐতিহাসিক গুরুত্ব পুনরুদ্ধারে সরকার কাজ করে যাচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপন দেওয়ান বৌদ্ধ দর্শনের মানবিক ও শান্তিপূর্ণ চর্চার গুরুত্ব তুলে ধরেন।
সংস্কৃতি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এই উৎসবে পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শান্টু বড়ুয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য নৃত্য পরিবেশনা ও বৌদ্ধ হেরিটেজের প্রদর্শনী উৎসবের মূল আকর্ষণ ছিল।
সময়ের আলো/জেডি